প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৬ ২০:২০ পিএম
আপডেট : ০৫ জানুয়ারি ২০২৬ ২০:২৩ পিএম
ফুটবলের বয়স যখন ৭৫ ছুঁয়ে স্মৃতির সঙ্গে ভবিষ্যতের সেতুবন্ধন গড়ে, তখন সেই উদযাপনের অংশ হতে ডাক পেয়েছে বাংলাদেশ। মালদ্বীপ ফুটবলের ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত চার জাতির আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টে অংশ নেওয়ার আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠিয়েছে ফুটবল অ্যাসোসিয়েশন অব মালদ্বীপ (এফএএম)।
আগামী জুন-জুলাইয়ে এই টুর্নামেন্ট আয়োজনের
পরিকল্পনা করেছে স্বাগতিকরা। মালদ্বীপ ছাড়াও দক্ষিণ এশিয়ার দুই পরিচিত প্রতিপক্ষ—শ্রীলঙ্কা
ও নেপালকে আমন্ত্রণ জানানো হয়েছে। ইতোমধ্যে শ্রীলঙ্কা অংশগ্রহণে সবুজ সংকেত দিয়েছে।
তবে বাংলাদেশ এখনো সিদ্ধান্তের পথে—হ্যাঁ কিংবা
না, কিছুই চূড়ান্ত হয়নি।
মালদ্বীপের ফুটবল ইতিহাসের এই গুরুত্বপূর্ণ
মাইলফলক ঘিরে আয়োজনের প্রস্তুতিও বেশ জাঁকজমকপূর্ণ। ১৯৫০ সালে দেশটিতে ফুটবলের স্বতন্ত্র
গভর্নিং বডি গঠনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে সম্প্রতি মালদ্বীপ ন্যাশনাল স্টেডিয়ামে আয়োজন
করা হয় বিশেষ ফুটবল উৎসব। সেখানে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর উপস্থিতিতে উন্মোচন
করা হয়েছে প্লাটিনাম জয়ন্তী টুর্নামেন্টের লোগো—যা এই আয়োজনের
আন্তর্জাতিক গুরুত্বই তুলে ধরেছে।
এর আগে, ২০০০ সালে মালদ্বীপ ফুটবলের
সুবর্ণ জয়ন্তীতে অংশ নিয়েছিল বাংলাদেশ। সে টুর্নামেন্টে তিন ম্যাচ খেলে দুটিতে ড্র
ও একটিতে হার নিয়ে মাঠ ছাড়ে লাল-সবুজ। ফাইনালে স্বাগতিক মালদ্বীপকে হারিয়ে শিরোপা জিতেছিল
শ্রীলঙ্কা।
বাফুফে সূত্র জানায়, জাতীয় দলের ব্যস্ত
সূচি ও প্রস্তুতির বিষয়গুলো বিবেচনায় নিয়েই দ্রুত সিদ্ধান্ত জানানো হবে। ২৫ বছর পর
আবারও একই মঞ্চে দাঁড়িয়ে অতীতের হিসাব বদলে দেওয়ার সুযোগ অপেক্ষা করছে বাংলাদেশের সামনে।
মালদ্বীপের প্লাটিনাম উৎসবে লাল-সবুজের উপস্থিতি হবে কি না—সে সিদ্ধান্ত
এখন বাফুফের টেবিলেই।
আরকে/প্রবা