প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬ ২২:০৮ পিএম
মরক্কোয় চলমান আফ্রিকা কাপ অব নেশন্সে জন্ম নিল এক বিরল ও ব্যতিক্রমী ইতিহাস। প্রতিপক্ষের জালে নিজেদের কোনো বল না ঠেলেও টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দল হিসেবে নকআউট পর্ব নিশ্চিত করল সুদান!
‘ই’
গ্রুপ থেকে তিন পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই থেমেছে সুদানের গ্রুপপর্বের যাত্রা। আলজেরিয়া
ও বুরকিনা ফাসোর পেছনে থাকলেও ভাগ্য যেন বিশেষ করেই সুদানের পাশে দাঁড়িয়েছিল। প্রশ্ন
উঠছেই—একটি
গোলও না করে কীভাবে এল এই তিন পয়েন্ট?
উত্তর
লুকিয়ে আছে গ্রুপপর্বের একমাত্র জয়ের গল্পে। ইকুয়েটরিয়াল গিনির বিপক্ষে ১-০ গোলে জিতলেও
সেই গোলটি করেননি কোনো সুদানিজ ফুটবলার। প্রতিপক্ষের ডিফেন্ডার সোল কোকোর দুর্ঘটনাবশত
করা আত্মঘাতী গোলই হয়ে ওঠে ম্যাচের ভাগ্যনির্ধারক মুহূর্ত। ওই একটিমাত্র গোলই খুলে
দেয় সুদানের নকআউটের দরজা।
বাকি
দুই ম্যাচে গোলের দেখা পায়নি তারা। তবু ফুটবলের অদ্ভুত হিসাব-নিকাশে আত্মঘাতী সেই গোলই
লিখে দেয় ইতিহাস—গোল না করেই গ্রুপ পর্ব পেরোনোর নজির গড়ে সুদান।
সৌভাগ্যের
ছোঁয়ায় নকআউটে পা রাখা এই দলটি এখন অপেক্ষায় নতুন চ্যালেঞ্জের। তিন ম্যাচের গোলখরা
কি বদলে যাবে আত্মবিশ্বাসের শক্তিতে? নাকি এই অদ্ভুত যাত্রা থেমে যাবে নকআউটেই—সে
উত্তর দেবে সময়ই।
আরকে/প্রবা