× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফের ড্রয়ের বৃত্তে আটকা মোহামেডান!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৬ ১৯:৫৯ পিএম

ফের ড্রয়ের বৃত্তে আটকা মোহামেডান!

২৩ বছর পর ২০২৪-২৫ মৌসুমে বাংলাদেশ ফুটবল লিগের শিরোপা জিতে অসংখ্য ভক্ত-সমর্থক-অনুরাগীদের মুখে হাসি ফুটিয়েছিল দেশের অন্যতম প্রাচীন ও জনপ্রিয় ফুটবল দল মোহামেডান স্পোর্টিং ক্লাব। সবাই আশায় বুক বেঁধেছিলেন। ধরে নিয়েছিলেন চলতি মৌসুমেও শিরোপা ধরে রাখতে পারবে ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ বাহিনী। কিন্তু কোথায় কি, আবার আগের মতোই বিবর্ণ দেখাচ্ছে ২০ বারের লিগ চ্যাম্পিয়নদের! শুক্রবার মুন্সীগঞ্জের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের সঙ্গে গোলশূন্য ড্র করেছে তারা। এ নিয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা চার ম্যাচে পয়েন্ট খোয়ালো আলফাজ আহমেদের শিষ্যরা। এর ওপর মাথার ওপর ঝুলছে ফিফার ‘ট্রান্সফার ব্যান’ বা দলবদলে নিষেধাজ্ঞার শাস্তি। 

শুক্রবার মাঠের লড়াইয়ে যখন দিশেহারা, ঠিক তখনই এলো এক খারাপ খবর। লিগের মাঝপথে মোহামেডান ছাড়ছেন ক্লাবের সেরা মিডফিল্ডার উজবেকিস্তানের মুজাফফর মুজাফফরভ। সাড়ে চার বছরের দীর্ঘ সম্পর্কের ইতি টেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে আবেগী এক পোস্ট দেন দেন মুজাফফরভ, ‘মোহামেডানে ৪ বছর ৬ মাস পার করেছি। একসঙ্গে আমরা অনেক ইতিহাস লিখেছি। আমি গর্বিত এই ক্লাবের হয়ে খেলতে পেরে। তবে পারিবারিক কারণে আমাকে চলে যেতে হচ্ছে। এই ক্লাবকে কখনোই ভুলবো না।’

মুজাফফরভের বিদায় ‘পারিবারিক কারণ’ হলেও বাস্তবতা নাকি ভিন্ন। চলতি মৌসুমে মোহামেডানের আর্থিক সংকট ওপেন সিক্রেট। দীর্ঘদিনের অধিনায়ক মালির ফরোয়ার্ড সুলেমান দিয়াবাতে চলে গেলেও সমর্থকদের টানে মোহামেডান ছাড়েননি মুজাফফর। কিন্তু অভিযোগ আছে, ঠিকমতো পারিশ্রমিক পাননি মুজাফফরভ-ও!

ব্রাদার্সের বিপক্ষে মোহামেডানের শুরুটা ছিল আক্রমণাত্মক। ১০ মিনিটে স্যামুয়েল বোয়াটেংয়ের পাসে হাফিজুর রহমান পা ছোঁয়ানোর আগেই পোস্ট ছেড়ে বেরিয়ে এসে বল গ্লাভসবন্দি করেন ব্রাদার্স গোলরক্ষক ইশাক আকন্দ।

১৫ মিনিটে পাল্টা আক্রমণে ব্রাদার্সের নেপালি ফরোয়ার্ড অঞ্জন বিস্তা জালে বল জড়িয়েছিলেন; কিন্তু অফসাইডের পতাকা ওঠে। একইভাবে প্রথমার্ধের শেষদিকে অফসাইডের কারণে গোল পাননি মোহামেডানের বোয়াটেং। ৭২ মিনিটে জটলার ভেতর থেকে বোয়াটেংয়ের নিচু শট আটকান ইশাক। ৮৫ মিনিটে শফিউল হোসেইনের কোনাকুনি পাসে বোয়াটেং পা ছোঁয়াতে পারেননি।

এ নিয়ে লিগে টানা তিন ম্যাচে ড্র করা মোহামেডান ১০ পয়েন্ট নিয়ে আছে ষষ্ঠ স্থানে। শীর্ষে থাকা বসুন্ধরা কিংসের চেয়ে ৭ পয়েন্ট পিছিয়ে, কিংস অবশ্য এক ম্যাচ কম খেলেছে। পক্ষান্তরে ৯ ম্যাচে ৯ পয়েন্ট নিয়ে ব্রাদার্স আছে সাতে।

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক চলছে। মোহামেডান-ব্রাদার্স ম্যাচ শুরুর সময় এক মিনিট নিরবতা পালন করা হয়।

 আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা