প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫ ২২:৫৭ পিএম
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২৫ ২২:৫৯ পিএম
নতুন বছর মানেই নতুন চ্যালেঞ্জ, নতুন স্বপ্ন। লাল-সবুজের ক্রীড়াবিদদের জন্যও আসছে এমনই এক ব্যস্ত ও সম্ভাবনাময় সময়, যেখানে মাসের পর মাস ঠাসা থাকবে প্রতিযোগিতার ক্যালেন্ডার। ফুটবল থেকে শুরু করে বহুমুখী আন্তর্জাতিক গেমস—২০২৬ সাল জুড়েই মাঠে নামবে বাংলাদেশের ক্রীড়াবিদরা।
বছরের
শুরুতেই ফুটসালের উত্তাপ। ১৩ থেকে ২৫ জানুয়ারি থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে সাফ নারী ফুটসাল
চ্যাম্পিয়নশিপ। এর ঠিক পরদিনই, ১৪ থেকে ২৬ জানুয়ারি একই দেশে মাঠে গড়াবে ছেলেদের সাফ
ফুটসাল। দুই আসরেই নিজেদের সামর্থ্য প্রমাণের সুযোগ পাবে লাল-সবুজের দল।
মার্চে
নজর থাকবে নারীদের ফুটবলে। ১ থেকে ২১ মার্চ অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিত হবে নারী এশিয়ান
কাপ ফুটবলের চূড়ান্ত পর্ব। ইতিহাস গড়ে প্রথমবারের মতো এই মূলপর্বে জায়গা করে নিয়েছে
বাংলাদেশের মেয়েরা। গ্রুপ পর্বে ৩ মার্চ চীনের বিপক্ষে শুরু, এরপর ৬ মার্চ উত্তর কোরিয়া
এবং ৯ মার্চ উজবেকিস্তানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে তারা।
এদিকে
পুরুষ ফুটবলেও রয়েছে বড় মঞ্চের অপেক্ষা। হামজা চৌধুরী ও শমিত সোমদের জন্য এশিয়ান কাপ
বাছাইয়ের শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে ৩১ মার্চ সিঙ্গাপুরে—যেখানে
ভাগ্য নির্ধারণের লড়াইয়ে নামবে বাংলাদেশ।
এপ্রিল
মাসে ফের আলোচনায় উঠবে নারী ফুটবল। ১ থেকে ১৮ এপ্রিল থাইল্যান্ডে অনুষ্ঠিত হবে অনূর্ধ্ব-২০
নারী এশিয়ান কাপ। সেখানে ১ এপ্রিল স্বাগতিক থাইল্যান্ড, ৪ এপ্রিল চীন এবং ৭ এপ্রিল
ভিয়েতনামের বিপক্ষে লড়বে বাংলাদেশের তরুণীরা।
আগামী
বছরের আগস্ট ও সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়ার কথা ছেলেদের অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাইপর্ব।
যদিও দিনক্ষণ ও ভেন্যু এখনো চূড়ান্ত হয়নি, প্রস্তুতির তোড়জোড় চলবে আগেভাগেই।
ফিফা
উইন্ডোতেও ব্যস্ততা কম নয়। সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরে ছেলেদের ফিফা উইন্ডো এবং
অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে মেয়েদের ফিফা উইন্ডোতে একাধিক আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের
পরিকল্পনা রয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে)।
ফুটবলের
বাইরেও আছে সাফল্যের মঞ্চ। লাল-সবুজের শাটলারদের জন্য ডিসেম্বরে নিয়মিত আয়োজন হিসেবে
ফিরছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক চ্যালেঞ্জ ও সিরিজ—দুটি
আন্তর্জাতিক আসর।
শুধু
ফুটবল বা ব্যাডমিন্টনেই নয়, বহুমুখী ক্রীড়াঙ্গনেও বাংলাদেশের উপস্থিতি থাকবে। নতুন
বছরে চীনের সানিয়াতে এশিয়ান বিচ গেমস, জাপানের আইচি-নাগোয়াতে এশিয়ান গেমস ও এশিয়ান
প্যারা গেমস এবং গ্লাসগোতে কমনওয়েলথ গেমসে অংশ নেবেন বাংলাদেশের ক্রীড়াবিদরা।
সব
মিলিয়ে নতুন বছর লাল-সবুজের ক্রীড়াবিদদের জন্য একটানা লড়াই, স্বপ্ন আর সম্ভাবনার গল্প।
মাঠে মাঠে ছড়িয়ে পড়বে বাংলাদেশের নাম—এই প্রত্যাশাই রাখছে পুরো ক্রীড়াঙ্গন।
আরকে/প্রবা