২০২৬ ফিফা বিশ্বকাপ
প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৫ ২১:১৭ পিএম
যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোর মাটিতে আগামী ১১ জুন পর্দা উঠবে ফুটবলের মহাযজ্ঞ—ফিফা বিশ্বকাপ। প্রথমবার ৪৮ দলের অংশগ্রহণে আয়োজিত এই ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ চলবে ১৯ জুলাই পর্যন্ত। দিন যত ঘনিয়ে আসছে, বিশ্বকাপের উত্তাপ ততই বাড়ছে; ফেভারিট কে—এই প্রশ্নে ফুটবলবিশ্বে জল্পনার ঢেউ। ঠিক এমন সময়েই আলোচনার আগুনে ঘি ঢাললেন জার্মান কিংবদন্তি টনি ক্রুস। লিওনেল মেসির আর্জেন্টিনা কিংবা নেইমার জুনিয়রের ব্রাজিলকে পাশে সরিয়ে রেখে, শিরোপার দৌড়ে তিনি এগিয়ে রাখলেন ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগালকে।
সম্প্রতি ব্রাজিলিয়ান কিংবদন্তি রোমারিওর
ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে ৩৫ বছর বয়সী ক্রুস নিজের পছন্দের দলগুলোর নাম
প্রকাশ করেন। তার চোখে সম্ভাব্য চ্যাম্পিয়নের সারিতে রয়েছে স্পেন, পর্তুগাল, ফ্রান্স
ও মরক্কো। বিস্ময়ের বিষয়, এই তালিকায় নেই তার নিজের দেশ জার্মানির নামও।
মরক্কো নিয়ে বিশেষভাবে আশাবাদী ক্রুস।
২০২২ কাতার বিশ্বকাপে ইতিহাস গড়ে সেমিফাইনালে ওঠা আফ্রিকার দলটি সম্পর্কে তার মন্তব্য,
সাম্প্রতিক বছরগুলোতে তারা টেকনিক্যাল দিক থেকে অনেক পরিণত হয়েছে। তাই আবারও বড় চমক
দেখানোর ক্ষমতা রাখে আশরাফ হাকিমিদের দল।
ব্রাজিল প্রসঙ্গে ক্রুসের কণ্ঠে ছিল
খানিকটা আক্ষেপ আর বাস্তবতা। ২০০২ সালের পর বিশ্বকাপ জয়ের স্বাদ না পাওয়া সেলেসাওদের
নিয়ে তিনি বলেন, ‘দুঃখিত রোমারিও, আমি ব্রাজিলের নাম বলিনি। তবে তারা যদি জেতে, সেটা
তাদের প্রাপ্যই হবে।’
শুধু ফেভারিট নির্বাচনেই থামেননি ক্রুস।
আসন্ন ৪৮ দলের নতুন ফরম্যাট নিয়েও নিজের অসন্তোষ প্রকাশ করেছেন তিনি। তার মতে, এই কাঠামো
খেলোয়াড়দের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে এবং গ্রুপপর্বে দেখা যাবে একপেশে ম্যাচের
ছড়াছড়ি—চার বা পাঁচ
গোলের ব্যবধানের জয়, যা দর্শকদের আকর্ষণ কমাতে পারে। ক্রুসের ভাষায়, “আমি মানসম্মত
ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল দেখতে চাই।”
ইতিহাসের পাতায় চোখ রাখলে দেখা যায়,
এখন পর্যন্ত পাঁচবার বিশ্বকাপ জিতে শীর্ষে ব্রাজিল। চারবার করে চ্যাম্পিয়ন হয়েছে জার্মানি
ও ইতালি। আর্জেন্টিনা তিনবার, ফ্রান্স ও উরুগুয়ে দুবার করে এবং ইংল্যান্ড ও স্পেন একবার
করে বিশ্বচ্যাম্পিয়নের মুকুট পরেছে।
২০২৬ সালের বিশ্বকাপ কি নতুন কোনো রাজ্যের
অভিষেক ঘটাবে, নাকি পুরোনো শক্তিই আবারও সিংহাসনে বসবে—তার উত্তর
দেবে সময়ই। তবে টনি ক্রুসের ভবিষ্যদ্বাণী ইতিমধ্যেই বিশ্বকাপের আলোচনায় নতুন মাত্রা
যোগ করেছে।
আরকে/প্রবা