প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫ ২২:২৪ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৫ ২২:২৫ পিএম
পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আজ রবিবার (২৮ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে ‘তারুণ্যের উৎসব-২০২৫’ জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। দেশের ঐতিহ্যবাহী ও জাতীয় খেলা কাবাডিকে দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে পুরুষ বিভাগের ১২টি এবং নারী বিভাগের ৭টি দল। সকালে শেষ হওয়া জেলা চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে ওঠা দলগুলো এই মূলপর্বে সরাসরি সার্ভিসেস দলগুলোর মুখোমুখি হচ্ছে।
উদ্বোধনী
দিনে পুরুষ বিভাগের ম্যাচে বিজিবি ৫৯-২৫ পয়েন্টে টাঙ্গাইল জেলাকে এবং নারী বিভাগে বাংলাদেশ
আনসার ও ভিডিপি ৬৬-৯ পয়েন্টে রাঙ্গামাটি জেলাকে হারায়।
উদ্বোধনী অনুষ্ঠানের পর এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়, যখন টাঙ্গাইল দলের অভিজ্ঞ খেলোয়াড় রফিক সক্রিয় কাবাডি থেকে আনুষ্ঠানিক বিদায় নেন। বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি টানা এই খেলোয়াড়কে ফেডারেশন ও মন্ত্রণালয়ের পক্ষ থেকে ফুলের মালা পরিয়ে সম্মান জানানো হয়। রফিক তার এক সতীর্থের কাঁধে চড়ে মাঠ প্রদক্ষিণ করেন এবং দর্শকদের ভালোবাসায় সিক্ত হন।
প্রতিযোগিতার উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: সেলিম ফকির, এনডিসি।
আরকে/প্রবা