প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৫ ২১:৪৬ পিএম
নতুন বাংলাদেশের তারুণ্যকে উদ্দীপ্ত করতে দেশজুড়ে চলমান ‘তারুণ্যের উৎসব-২০২৫’ এর অংশ হিসেবে আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে জাতীয় কাবাডি (পুরুষ ও নারী) চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্ব। রাজধানীর শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে এই প্রতিযোগিতার জেলা চ্যাম্পিয়নশিপের খেলা শুরু হয়। উদ্বোধনী দিনেই কোর্টে গড়িয়েছে পুরুষ ও নারী উভয় বিভাগের একাধিক ম্যাচ।
পুরুষ বিভাগে ৮টি দলকে দুই গ্রুপে ভাগ করা হয়েছে। দিনের সবচেয়ে বড় চমক ছিল 'খ' গ্রুপের খুলনা ও বগুড়া জেলার ম্যাচটি। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ২৬-২৬ পয়েন্টে ম্যাচটি টাই হয়।
গ্রুপ-ক : মৌলভীবাজার জেলা আজ দুর্দান্ত পারফর্ম করেছে। তারা তাদের প্রথম ম্যাচে মাদারীপুরকে ৪৬-৩৪ পয়েন্টে এবং দ্বিতীয় ম্যাচে টাঙ্গাইলকে ৪০-২১ পয়েন্টে হারিয়ে সেমিফাইনালের পথে শক্ত অবস্থান তৈরি করেছে। অন্যদিকে টাঙ্গাইল ৩৫-২৫ পয়েন্টে গোপালগঞ্জকে হারায়। তবে গোপালগঞ্জ তাদের অন্য ম্যাচে ঘুরে দাঁড়িয়ে ৩৪-৩২ পয়েন্টে মাদারীপুরকে পরাজিত করে।
গ্রুপ-খ : বগুড়া তাদের প্রথম ম্যাচে চট্টগ্রামকে ৪০-৩৩ পয়েন্টে হারায়। খুলনা তাদের প্রথম ম্যাচে নীলফামারীর বিপক্ষে ৩৮-২৫ পয়েন্টে জয় পায়। চট্টগ্রামও নীলফামারীকে ৩০-২৫ পয়েন্টে পরাজিত করে জয়ের দেখা পেয়েছে।
নারী বিভাগেও আটটি দল দুই গ্রুপে বিভক্ত হয়ে লড়াই করছে। খ-গ্রুপে রাঙ্গামাটি ও ব্রাহ্মণবাড়িয়া নিজেদের শক্তির জানান দিয়েছে।
গ্রুপ-ক : গোপালগঞ্জ জেলা আজ তাদের দুটি ম্যাচেই জয় পেয়েছে। তারা রংপুরকে ৩১-২৯ এবং বরিশালকে ২৬-২২ পয়েন্টে হারিয়েছে। অন্য ম্যাচে ঝিনাইদহ ৩২-২৬ পয়েন্টে বরিশালকে হারালেও রংপুরের কাছে ২২-৩২ পয়েন্টে হেরে যায়।
গ্রুপ-খ : রাঙ্গামাটি জেলা তাদের প্রথম ম্যাচে টাঙ্গাইলকে ৪০-১২ পয়েন্টের বিশাল ব্যবধানে বিধ্বস্ত করে। দ্বিতীয় ম্যাচে তারা বগুড়ার বিপক্ষে ৪০-৩৬ পয়েন্টে জয় পায়। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়াও টাঙ্গাইলকে ৩৩-২১ এবং বগুড়াকে ৩৬-২৭ পয়েন্টে হারিয়ে তাদের শক্তিমত্তার প্রমাণ দিয়েছে।
আগামীকাল (২৭ ডিসেম্বর) বিকেলে উভয় বিভাগের সেমিফাইনাল ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। ২৮ ডিসেম্বর সকালে অনুষ্ঠিত হবে জেলা চ্যাম্পিয়নশিপের ফাইনাল।
তবে উৎসবের আমেজ এখানেই শেষ নয়। চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ধাপ শুরু হবে ২৮ ডিসেম্বর বিকেল থেকে। জেলা পর্যায়ের সেরা ৪টি দল তখন সার্ভিসেস দলগুলোর মুখোমুখি হবে মূল জাতীয় চ্যাম্পিয়নশিপের লড়াইয়ে। আগামী ৩১ ডিসেম্বর মেগা ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আয়োজনের।
আরকে/প্রবা