প্রবা স্পোর্টস ডেস্ক
প্রকাশ : ২৫ ডিসেম্বর ২০২৫ ২২:৪২ পিএম
আপডেট : ২৫ ডিসেম্বর ২০২৫ ২২:৪৩ পিএম
৪৫ বছর বয়সে বিয়ের
পিঁড়িতে বসলেন মার্কিন টেনিস তারকা ভেনাস উইলিয়ামস। বিয়ে করলেন ইতালিয়ান অভিনেতা-প্রযোজক আন্দ্রেয়া প্রেটিকে। গত সেপ্টেম্বরে ইটালির ইস্কিয়ায় গোপন পারিবারিক অনুষ্ঠানে দু’জনের বাগ্দান সম্পন্ন হয়। ফ্লোরিডার পাম বিচে বিয়ে করলেন তারা। বড় বোনকে নতুন জীবনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন তার ছোট বোন সেরেনা উইলিয়ামস।
সাতটি গ্র্যান্ড স্ল্যামজয়ীর সঙ্গে আন্দ্রেয়ার বিয়ের মূল অনুষ্ঠানেও আমন্ত্রিত ছিলেন শুধু দুই পরিবারের সদস্য এবং ঘনিষ্ঠ বন্ধুরা। বিয়ে নিয়ে বেশি হইচই করতে চাননি বিশ্বের সাবেক এক নম্বর টেনিস খেলোয়াড়।
ভেনাসের ছোট বোন সেরেনা সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছাবার্তা পোস্ট করার পর সবাই বিষয়টি জেনেছেন।
পেশাদার টেনিস ছাড়াও অলিম্পিকেও ভেনাস দারুণ সফল। পাঁচটি অলিম্পিকে আমেরিকার প্রতিনিধিত্ব করেছেন। চারটি সোনা এবং একটি রুপার পদক রয়েছে তার।
শুভেচ্ছাবার্তায় সেরেনা লিখেন, ‘আমার বোনের সঙ্গী। ভেনাস, কিভাবে শুরু করব! বাড়ির উঠোনের কোর্ট থেকে শুরু করে বিশ্বের সবচেয়ে বড় মঞ্চ পর্যন্ত তুমি সব সময় অনুপ্রেরণা, শক্তি। যে কোনও ট্রফির থেকেও বড় তোমার হৃদয়। ভালবাসা ঘেরা এই পরবর্তী অধ্যায়ে তোমাকে পা রাখতে দেখে মনে হচ্ছে, সূর্যোদয় দেখছি। স্থির, শক্তিশালী এবং প্রতিশ্রুতিতে পূর্ণ।’
আরকে/প্রবা