প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫ ২২:৪৩ পিএম
আপডেট : ২৪ ডিসেম্বর ২০২৫ ২২:৪৪ পিএম
সৌদি প্রো লিগে শিরোপা জয়ের লড়াইয়ে আল-নাসরের জন্য এসেছে বড় স্বস্তির খবর। ক্লাবটির ওপর আরোপিত ট্রান্সফার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা। এর ফলে এখন থেকে আবার নতুন খেলোয়াড় নিবন্ধন করতে পারবে রোনালদোর ক্লাবটি।
এ মৌসুমে নিজের প্রথম সৌদি প্রো লিগ শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে মাঠে
নামছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ঠিক এমন গুরুত্বপূর্ণ সময়ে নিষেধাজ্ঞা প্রত্যাহার হওয়ায়
দল গঠনে বাড়তি সুবিধা পাবে আল-নাসর।
এর আগে ফিফা মধ্যপ্রাচ্যের একাধিক ক্লাবের ওপর ট্রান্সফার উইন্ডোতে
নতুন খেলোয়াড় নিবন্ধনে নিষেধাজ্ঞা আরোপ করেছিল। সেই তালিকায় আল-নাসরের নামও অন্তর্ভুক্ত
ছিল। তবে সম্প্রতি প্রয়োজনীয় শর্ত পূরণ করায় আল-নাসরের নাম সেই তালিকা থেকে বাদ দেওয়া
হয়েছে।
ফিফা আনুষ্ঠানিকভাবে নিষেধাজ্ঞার সুনির্দিষ্ট কারণ প্রকাশ না করলেও সৌদি সংবাদমাধ্যম আল রিয়াদিয়া জানিয়েছে, ম্যানচেস্টার সিটি থেকে আইমেরিক লাপোর্তেকে দলে ভেড়ানোর চুক্তির একটি কিস্তির অর্থ পরিশোধে বিলম্বের কারণেই এই জটিলতা তৈরি হয়েছিল। পরবর্তীতে অর্থ পরিশোধ সম্পন্ন হওয়ায় ফিফা দ্রুতই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়।
আরকে/প্রবা