প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৫ পিএম
সোমবার (২২ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল সিরিজ। ঢাকার পল্টনের
শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত সিরিজের প্রথম দিন হতাশায় পার করেছেন
স্বাগতিক শাটলাররা। পুরুষ এবং নারী একক- দুই বিভাগে কোর্টে নামলেও জিততে পারেননি বাংলাদেশের
কোনো শাটলার। কোয়ালিফিকেশন রাউন্ডে ব্যতিক্রম ছিলেন কেবল তারকা শাটলার আইমান ইবনে জামান।
প্রতিপক্ষ না আসায় পরবর্তী রাউন্ডে উন্নীত হয়েছেন আইমান। এদিন অবশ্য বাংলাদেশের টপ
সিডেড কেউ নামেননি। কাল আল আমিন জুমার, ঊর্মি আক্তার, মোয়াজ্জেম হোসেন অহিদুল, আইমান
ইবনে জামানরা কোর্টে নামবেন।
সকালে
নারী এককে শুরুতে কোর্টে নামেন জেরিন ইকবাল মোহনা। ভিয়েতনামের প্রতিযোগীর সামনে দাঁড়াতেই
পারেননি। ২১-৩, ২১-৯ পয়েন্টে হেরে যান তিনি। বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জের পুরুষ
দ্বৈতে দারুণ পারফর্ম করা আকিব সুলাইমানও হতাশ করেছেন। সিরিজের প্রথম ম্যাচে ভারতের
রিয়ান রঞ্জনের কাছে ২১-৮, ২১-১৬ পয়েন্টে হেরেছেন। জিততে পারেননি মোস্তাকিম হোসেনও।
মালয়েশিয়ার প্রতিযোগী কং ঝিংয়ের বিরুদ্ধে প্রথম সেট লড়াই করে হারলেও ২২-২০, পরের সেট
২১-১৫ পয়েন্টে হেরে সিরিজের পুরুষ একক থেকে বিদায় নেন মোস্তাকিম।
নারী এককে বাংলাদেশের স্মৃতি রাজবংশী ভারতের নিশু মালিকের বিরুদ্ধে পরাজয়ের তেতো স্বাদ নেন। প্রথম সেট কোনো প্রতিদ্বন্দ্বিতা গড়তে না পারলেও, দ্বিতীয় সেটে দারুণ লড়াই করেন। তবে ভারতের প্রতিযোগীর কাছে স্মৃতি ২১-১১, ২১-১৯ পয়েন্টে ব্যবধানে পরাজিত হন। এদিকে নারী এককে লিকা পোদ্দারও হেরেছেন। ভারতের বালা রেড্ডির কাছে ২১-১৯, ২১-১৩ পয়েন্টের ব্যবধানে পরাজিত হন তিনি।আরকে/প্রবা