প্রবা ডেস্ক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২২ ১৯:৪১ পিএম
আপডেট : ২১ ডিসেম্বর ২০২২ ১৯:৪২ পিএম
কেএল রাহুল। ছবি : সংগৃহীত
চট্টগ্রামে প্রথম টেস্ট জিতে দুই ম্যাচের টেস্ট সিরিজে এগিয়ে রয়েছে ভারত। সেই হিসেবে কিছুটা নির্ভারই রয়েছে ভারতীয় ক্রিকেট দল। কিন্তু বুধবার নেট সেশনের শেষের দিকে ব্যাটিং প্র্যাকটিস করতে গিয়ে ডান হাতে আঘাত পেয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক কেএল রাহুল।
স্পোর্টসস্টারের প্রতিবেদনে বলা হয়েছে, আঘাত পাওয়ার পর ব্যাট নামিয়ে জোরে হাত নাড়াতে গিয়ে কাতড়াতে দেখা গেছে রাহুলকে। ভারতীয় মেডিক্যাল টিম এরপরই তার সঙ্গে দেখা করে।
তবে ম্যাচ পূর্ববর্তি এক সংবাদ সম্মেলনে ভারতের ক্রিকেট দলের ব্যাটিং কোচ বিক্রম রাঠৌর বলেছেন, রাহুলের আঘাতকে তার কাছে গুরুতর মনে হচ্ছে না।
তিনি বলেন, ‘সে ভালোই আছে। আশা করছি ঠিক হয়ে যাবে। ডাক্তাররা তাকে দেখছে।’
তবে যদি শেষ পর্যন্ত হাতের চোটের কারণে কেএল রাহুল মাঠে নামতে না পারেন, তার পরিবর্তে নামবেন দলের রিজার্ভ ওপেনার অভিমন্যু ইশ্বরন।