প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ ডিসেম্বর ২০২৫ ২০:২৬ পিএম
ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক চ্যালেঞ্জের কাল সোমবার (২২ ডিসেম্বর) থেকে আরও একটি টুর্নামেন্ট শুরু হচ্ছে। যার পোষাকি নাম ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক সিরিজ। ১৮ দেশের ২৩৩ শাটলার পদকের জন্য পাঁচটি ইভেন্টে লড়বেন। ইভেন্টগুলো হলো : পুরুষ ও নারী একক, পুরুষ দ্বৈত, নারী দ্বৈত ও মিশ্র দ্বৈত। পাঁচ দিনব্যাপী টুর্নামেন্টের খেলা ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। আসরে নতুন দেশ কাজাখস্তান।
ইউনেক্স-সানরাইজের পৃষ্ঠপোষকতায় ফি
বছর বাংলাদেশে দুটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়ে থাকে। আগে সিনিয়রদের পাশাপাশি
জুনিয়রদের জন্যও একটি টুর্নামেন্টের আয়োজন করা হত। কিন্তু পৃষ্ঠপোষকদের চাহিদামাফিক
এবারই প্রথমবার দুটি টুর্নামেন্টই হচ্ছে সিনিয়রদের। দুটিতেই র্যাংকিং সুবিধা রয়েছে
বলে বিদেশি শাটলাররা বেশ আগ্রহী। সদ্যসমাপ্ত আন্তর্জাতিক চ্যালেঞ্জের প্রাইজমানি ছিল
সাড়ে ১৭ হাজার মার্কিন ডলার। আর নতুন আসরের প্রাইজমানি পাঁচ হাজার মার্কিন ডলার।
প্রাইজমানি কম হলেও সিরিজে স্বর্ণপদকের
প্রত্যাশা চ্যালেঞ্জের মিশ্র দ্বৈতে রুপাজয়ী বাংলাদেশের জুটি আল আমিন জুমার ও উর্মি
আক্তার। জুমার বলেন, ‘নতুন আসরে নতুন প্রত্যাশা স্বর্ণপদক জেতা। মিশ্র দ্বৈতের পাশাপাশি
আশা করছি মোয়াজ্জেম হোসেন অহিদুলকে নিয়ে পুরুষ দ্বৈতেও পদক জিততে পারব।’
হতাশা ঝেড়ে নতুন উদ্যোমে খেলতে প্রস্তুত অহিদুলও ‘কানাডায় জেতা ব্রোঞ্জের ধারাবাহিকতা ধরে
রাখতে পারিনি ঘরের কোর্টে। তবে আশাকরি সিরিজে সেই হতাশা কাটিয়ে পদকের মুখ দেখতে পাবো।
আমার জন্য দোয়া করবেন।’
ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল
সিরিজে স্বাগতিক শাটলাররা ভালো করবেন, এমন বিশ্বাস ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক
রাসেল কবির সুমনেরও, ‘চ্যালেঞ্জে জুমার-ঊর্মি রানার্সআপ হয়েছে। আশাকরি সিরিজেও তারা
ভালো রেজাল্ট করবে।’ সুমন আরও যোগ করেন, ‘২২-২৬ ডিসেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে ইউনেক্স-সানরাইজ
বাংলাদেশ সিরিজ টুর্নামেন্ট। চ্যালেঞ্জ টুর্নামেন্টে যারা খেলেছে, তাদের অধিকাংশই এই
সিরিজে খেলবে। কিছু প্লেয়ার চলে গেছে। রবিবার আবার নতুন কিছু প্লেয়ার যোগ হয়েছে। নতুন
একটা দেশ আসছে কাজাখস্তান। যারা এই সিরিজে অংশ নেবে।’
চ্যালেঞ্জ টুর্নামেন্টে প্রাইজমানি ছিল সাড়ে ১৭ হাজার ডলার। সিরিজে ৫ হাজার ডলার। দুই টুর্নামেন্টের পার্থক্য জানতে চাইলে সুমন জানান, এখানে মূল্য পার্থক্য হলো পয়েন্টে। চ্যালেঞ্জে বেশি পয়েন্ট। সিরিজে কম।’ সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণের পর রাসেল কবির সুমনের অধীনে ইউনেক্স-সানরাইজের এই আসরই সবচেয়ে বড় টুর্নামেন্ট। সেই আসরেই ফাইনালে ওঠার মধ্য দিয়ে ইতিহাস গড়েছে বাংলাদেশ। এ ব্যাপারে সুমন জানান, ‘আমি খুবই খুশি। আমার দায়িত্ব গ্রহণের পর এটাই বড় টুর্নামেন্ট। যেখানে ব্যাডমিন্টনের ইতিহাসে বড় সাফল্য পেয়েছে। জুমার-ঊর্মি মিশ্র দ্বৈতের ফাইনালে ওঠে রুপা জিতেছে।’
আরকে/প্রবা