× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ইতিহাস গড়ে মিশ্র দ্বৈতের ফাইনালে জুমার-ঊর্মি জুটি

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৫ ২০:৪৯ পিএম

আপডেট : ১৯ ডিসেম্বর ২০২৫ ২২:৫৪ পিএম

ইতিহাস গড়ে মিশ্র দ্বৈতের ফাইনালে জুমার-ঊর্মি জুটি

শুক্রবার (১৯ ডিসেম্বর) ছুটির দিন সুখবর দেশের ব্যাডমিন্টন অঙ্গনে। সকালে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টের মিশ্র দ্বৈতের সেমিফাইনালে বাংলাদেশ। আর রাতে তারা ফাইনালে। মিশ্র দ্বৈত বিভাগে ফাইনালে উঠে ইতিহাস গড়েছেন বাংলাদেশের আল আমিন জুমার ও ঊর্মি আক্তার। সেমিফাইনালে থাইল্যান্ডের কুনলাপাথ লোথোং ও সারিসা জানপেং জুটিকে তারা হারান ২১-১১, ২১-১৪ পয়েন্টে। শেষ চারে উঠে পদক নিশ্চিত হয়েছিল আগেই, জুমার-ঊর্মি এবার দেখাচ্ছেন সোনা জয়ের স্বপ্নও। ফাইনালে কাল শনিবার (২০ ডিসেম্বর) মালয়েশিয়ার দাতু আনিফ ইসাক দাতু আসরা ও ক্লারিসা সানের মুখোমুখি হবেন তারা।

এর আগে সেমিতে ঘরের কোর্ট পল্টনের শহীদ তাজউদ্দীন আহমদ ইনডোর স্টেডিয়ামে ভারতের স্বস্তিক মাথারাসান-কীর্তি মাঞ্চালা জুটিকে ২১-১৬, ১৯-২১, ২১-১৮ পয়েন্টে হারিয়ে শেষ চারে জায়গা করে নেন জুমার-ঊর্মি জুটি। সেমিফাইনালে উঠে ব্রোঞ্জপদকও নিশ্চিত করেন জুমার-ঊর্মি জুটি। তবে দুপুরে পুরুষ দ্বৈতের কোয়ার্টার ফাইনালের দুই খেলায় হেরে যান স্বাগতিক চার শাটলার।

সকালের ম্যাচে ভারতের স্বস্তিক মাথারাসান ও কীর্তি মাঞ্চালাকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেন আল আমিন ও ঊর্মি জুটি। প্রথম সেট যদিও খুব সহজেই জেতেন তারা। তবে দ্বিতীয় সেটে একসময় এগিয়ে থেকেও মাত্র দুই পয়েন্টের ব্যবধানে হেরে যান জুমার-ঊর্মি। তৃতীয় সেট হয়ে দাঁড়ায় ম্যাচের ভাগ্য নির্ধারণ। সেখানে হয় তুমুল প্রতিদ্বন্দ্বিতা। একবার বাংলাদেশের জুটি এগিয়ে যায় তো, পরের বার ভারত। এভাবে চলতে থাকে ম্যাচে শেষ পর্যন্ত, জয়ের হাসি বাংলাদেশই হাসে। ৩ পয়েন্টে এগিয়ে থেকে শেষ সেট জিতে সেমিতে পা রাখেন জুমার-ঊর্মি। ম্যাচ শেষে বাংলাদেশের ঊর্মি বলেন, ‘জুমারের সঙ্গে ছয়-সাত বছর ধরে জুটি বেঁধে খেলছি। যেহেতু অনেকদিন ধরে খেলছি, সেহেতু আমাদের মধ্যে বোঝাপড়াটা ভালো। আমরা এর আগেও আন্তর্জাতিক টুর্নামেন্টে পদক জিতেছি।’

এদিকে পুরুষ দ্বৈতের কোয়ার্টার ফাইনালের দুই খেলায় হেরে যায় বাংলাদেশ। আল আমিন জুমার ও মোয়াজ্জেম হোসেন অহিদুল জুটি ২-০ সেটে ভিয়েতনামের ডাং কাক ডাক ও ট্রান হোয়াং জুটির কাছে হেরে যান। দ্বৈতের আরেক খেলায় মাসুদ আহমেদ ও সাদাকাত রবিন জুটি ২-১ সেটে ভারতের আনুচ কালে ও আয়ান লোপেজের কাছে হেরে যান।

ঘরোয়া বা জাতীয় টুর্নামেন্টে দ্বৈতে উর্মির পার্টনার রেশমা আক্তার। ২০১৭ সাল থেকে তারা জুটি হয়ে খেলছেন। একবার জাতীয় চ্যাম্পিয়ন, দুই বার রানার্সআপ হয়েছেন তারা। একজনের প্রতি আরেকজনের ভালোবাসা প্রবল। গ্যালারিতে বসে খেলা দেখছিলেন রেশমা। ঊর্মি জেতার পর দৌড়ে গ্যালারিতে গিয়ে জড়িয়ে ধরলেন রেশমাকে। কান্না থামাতে পারেননি রেশমা।

শহীদ ওসমান বিন হাদির জন্য কাল শনিবার রাষ্ট্রীয় শোক দিবস পালনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আজ ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ আন্তর্জাতিক চ্যালেঞ্জ-২০২৫ এ অংশ নিতে নেওয়া প্রত্যেক শাটলার, কোচ, আম্পায়ার, কর্মকর্তা শোকব্যাজ ধারণ করবেন। সেই সঙ্গে আজ ফাইনাল শেষে পুরস্কার মঞ্চে উসমান হাদির ছবি দিয়ে শোকাবার্তা জানাবে বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা