রুমেল খান
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ২০:৩৭ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫ ২০:৩৯ পিএম
আজ ১৮ ডিসেম্বর। ২০২২ সালের এই দিনে বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল দল আর্জেন্টিনা তাদের ইতিহাসের তৃতীয় ফিফা বিশ্বকাপ জয় করেছিল। মধ্যপ্রাচ্যের দেশ কাতারে অনুষ্ঠিত শ্বাসরুদ্ধকর ফাইনালে ইউরোপের পরাশক্তি ফ্রান্সকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল প্রয়াত কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনার দেশ।
নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচটি
৩-৩ গোলে অমীমাংসিত ছিল। দীর্ঘ ৩৬ বছর পর আরাধ্য সোনালি ট্রফি জয় করে ‘লা আলবিসেলেস্তে’
বাহিনী। ফলে তাদের শিরোপাজয়ের আবেগটা ছিল স্বভাবতই বাঁধনছাড়া ও সীমাহীন। লিওনেল মেসি-অ্যাঞ্জেল
ডি মারিয়াদের এই ট্রফিজয় ছিল বিশেষ তাৎপর্যপূর্ণ। শিরোপাজয়ের সেই রেশ এখনো রয়ে গেছে
আকাশী-শুভ্র সমর্থকদের মাঝে।
আজ আবারও বিশ্বজয়ের পূর্তিতে আর্জেন্টিনা
ভক্ত-সমর্থক-অনুরাগীরা দিনটি বিশেষভাবে স্মরণ ও পালন করেছেন। বিশেষ করে সামাজিক যোগাযোগ
মাধ্যমগুলোতে নানা ছবি ও স্ট্যাটাস দিচ্ছেন তারা। আর্জেন্টিনা একমাত্র দক্ষিণ আমেরিকান
দল হিসেবে টানা দু’বার মহাদেশীয় শিরোপা ও একবার বিশ্বকাপ জিতেছে। ইউরোপে এই কৃতিত্ব
আছে একমাত্র স্পেনের (২০০৮ ইউরো, ২০১০ বিশ্বকাপ এবং ২০১২ ইউরো)।
তাদের মতো স্বপ্নের এই ট্রেবল আর্জেন্টিনাও
জিতেছে (২০২১ কোপা, ২০২২ বিশ্বকাপ এবং ২০২৪ কোপা)। গত ছয় বছরের পরিসংখ্যান ও বিশ্লেষণের
আলোকে বর্তমান সময়ের অন্যতম সেরা দল হিসেবে অনায়াসেই আর্জেন্টিনার নাম উল্লেখ করা যায়।
গত ১৮ বছরে তারা ৭টি টুর্নামেন্টের ফাইনালে উঠেছে। আর শিরোপা জিতেছে তিনটি। এই ডিজিটাল
যুগে এবং রাফ অ্যান্ড টাফ ফুটবলের সময়ে কোনো দলের এতবার ফাইনালে খেলাটা নিঃসন্দেহে
দারুণ গৌরবের। এজন্য অনেক ফুটবলবোদ্ধা আর্জেন্টিনার নাম দিয়েছেন ‘ফাইনালন্টিনা’! আবার
অনেকেই একবিংশ শতাব্দীর অন্যতম সেরা ফুটবল দলও মনে করেন ‘আকাশী-সাদা’ বাহিনীকে।
আর্জেন্টিনা ১৮ বার বিশ্বকাপের মূলপর্বে খেলেছে, যা তৃতীয় সর্বোচ্চ। ৮৮টি ম্যাচ খেলেছে,
যা তৃতীয় সর্বোচ্চ। ৪৭টি ম্যাচে জিতেছে, যা তৃতীয় সর্বোচ্চ। ১৭টি ম্যাচে ড্র করেছে,
যা চতুর্থ সর্বোচ্চ। ২৪টি ম্যাচে হেরেছে, যা দ্বিতীয় সর্বোচ্চ। ১৫২টি গোল করেছে,
যা তৃতীয় সর্বোচ্চ। ১০১টি গোল হজম করেছে, যা তৃতীয় সর্বোচ্চ। ১৫৮ পয়েন্ট পেয়েছে,
যা তৃতীয় সর্বোচ্চ। ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে, যা তৃতীয় সর্বোচ্চ। ৩ বার রানার্সআপ
হয়েছে, যা যুগ্মভাবে দ্বিতীয় সর্বোচ্চ।
৬ বার ফাইনাল খেলেছে, যা তৃতীয় সর্বোচ্চ।
বিশ্বকাপে খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন লিওনেল মেসি (২৬)। বেশি আসরে
(যুগ্মভাবে ৫ বার) খেলেছেন মেসি। বেশি গোল কন্ট্রিবিউশনও (২১) মেসির। ১ আসরে বেশি টাইব্রেকার
শট সেভ (৪) সের্জিও গয়কোচিয়ার (১৯৯০)। একমাত্র খেলোয়াড় হিসেবে টানা ২ আসরে হ্যাটট্রিক
গ্যাব্রিয়েল বাতিস্তুতার (১৯৯৪ ও ১৯৯৮)। সবচেয়ে বেশি সময় মাঠে ছিলেন মেসি (২৩১৪ মিনিট)।
সবচেয়ে বেশি ম্যাচে ক্যাপ্টেন্সিও (১৯) মেসির। সবচেয়ে বেশি গোল্ডেন বলও জিতেছেন মেসি
(২বার)।
এছাড়া সবচেয়ে বেশিবার ম্যাচসেরা (১১ বার)
মেসি। ১ আসরে সবচেয়ে বেশি ম্যাচসেরাও (৫বার) মেসি। একমাত্র খেলোয়াড় হিসেবে গ্রুপ পর্ব,
দ্বিতীয় রাউন্ড, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালে গোল করেছেন মেসি (২০২২)।
আর্জেন্টিনার রেকর্ডের বরপুত্র মেসি
দেশের হয়ে সবচেয়ে বেশি ম্যাচ (১৯৬), বেশি গোল (১১৫), বেশি এসিস্ট (৬১), বেশি হ্যাটট্রিক
(১০) করেছেন। আর্জেন্টিনার তিন বিশ্বকাপজয়ী অধিনায়ক ড্যানিয়েল প্যাসারেলা (১৯৭৮), ডিয়েগো
ম্যারাডোনা (১৯৮৬) ও লিওনেল মেসি (২০২২)। এদের মধ্যে একমাত্র প্যাসারেলাই দু’বার (১৯৭৮
ও ১৯৮৬) বিশ্বকাপ জয়ের স্বাদ পেয়েছেন।
আরকে/প্রবা