প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৭ পিএম
পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক ব্যাডমিন্টন আসর ‘ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ’-এ বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) ছিল তৃতীয় দিন। পুরুষ এবং নারী এককে হতাশার গল্প লেখা স্বাগতিক শাটলাররা এদিন দ্বৈতে ও মিশ্র দ্বৈতে নিজেদের নৈপুণ্য প্রদর্শন করেন। নারী দ্বৈত ও মিশ্র দ্বৈতে হতাশার গল্প লেখা শাটলাদের মানরক্ষা করেছে পুরুষ দ্বৈতের শাটলাররা। তারা হলেন আল আমিন জুমার-মোয়াজ্জেম হোসেন অহিদুল এবং মাসুদ আহমেদ- সাদাকাত রবিন জুটি। প্রি-কোয়ার্টারে দুর্দান্ত পারফরম্যান্স করে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেন তারা। ভারতের প্রতিযোগী ডেভার্ট মান-সৌরভ নাইনকে ২১-১৯, ১৭-২১, ২১-১৪ পয়েন্টে হারান বাংলাদেশের জুমার-অহিদুল। মাসুদ-রবিন জুটির প্রতিপক্ষ ছিল মালয়েশিয়ার লিউ ওয়েন জি- জিয়া লি তান। প্রথম সেট হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ান মাসুদ-রবিন। মালয়েশিয়ান জুটির কাছে প্রথম সেট ২১-১৪ পয়েন্টে হারেন। পরের দুই সেট ১৪-২১ ও ১৭-২১ পয়েন্টে জেতেন মাসুদ-রবিন জুটি।
কাল শুক্রবার (১৯ ডিসেম্বর) কোয়ার্টার ফাইনালে নামবেন
তারা।
এই আসরে খেলার আগে সর্বশেষ কানাডায়
অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশ নেন জুমার-অহিদুল। সেখান থেকে
খালি হাতে ফেরেননি তারা। দেশের জন্য ব্রোঞ্জপদক নিয়ে ঘরে ফেরেন। গত এক বছর ধরে জুটি
বেঁধে খেলছেন তারা। ঘরের মাঠে আন্তর্জাতিক টুর্নামেন্টেও নিজেদের পারফরম্যান্সে দ্যুতি
ছড়িয়েছেন। গতকাল ভারতের প্রতিযোগীদের কাছ থেকে লড়াই করে একেকটা পয়েন্ট তুলে নিয়েছেন।
প্রথম সেটে দুর্দান্ত লড়াই হয় বাংলাদেশ-ভারতের মধ্যে।
মাত্র ২ পয়েন্টের ব্যবধানের প্রথম সেট জেতেন জুমার-অহিদুল। পরের সেট ১৭-২১ পয়েন্ট ব্যবধানে
হেরে যান। তবে তৃতীয় সেটে গিয়ে বড় ব্যবধানে জয়ের ইঙ্গিত দিলেও মাঝে ইনজুরিতে পড়েন অহিদুল।
ওই সময় বেশ কিছু পয়েন্ট হারায় বাংলাদেশ। একসময় মনে হচ্ছিল অহিদুলের ইনজুরি ম্যাচ থেকে
হয়তো বাংলাদেশকে ছিটকে দিবে। সেটা আর হয়নি। অহিদুল পা খুঁড়িয়ে খেলেই ম্যাচ জিতে তার
জুটি জুমারের মুখে হাসি ফোটান।
ম্যাচশেষে জুমার-অহিদুল বলেন, ‘আমরা
কোয়ার্টারে পা রেখেছি। আরও অনেকদূর যেতে চাই। কানাডায় স্বর্ণ জিততে পারিনি, ঘরের মাঠে
স্বর্ণ জিততে চাই। আমরা দুজন অনেকদিন পরস্পরের সঙ্গে জুটি বেঁধে খেলছি। একে অপরের মধ্যে
বেশ ভালোই বোঝাপড়া। প্রতিপক্ষ যেই আসকু আমরা জয়ের জন্যই শুক্রবার খেলতে নামব। সবার
দোয়া প্রত্যাশা করছি।’
দিনাজপুর আলোরা শাটলার একাডেমি থেকে
এসেছেন মাসুদ-রবিন। তারাও ঢাকায় কোর্টে আলো ছড়িয়েছেন। মালয়েশিয়ান প্রতিযোগীদের কাছ
থেকে জয় ছিনিয়ে এনেছেন। জয়ের পর দারুণ উচ্ছ্বসিত এ জুটি বলেন, ‘আমরা অনেক খুশি। প্রি-কোয়ার্টারের
মতো কোয়ার্টার ফাইনালেও আমরা জেতার জন্য নামব।’
এদিকে পুরুষ দ্বৈতে কোর্টে নামেন
বাংলাদেশের মোস্তাফিজুর রহমান লিপটন-রাফিউল রাইদ জুটি। তবে জিততে পারেননি। ভিয়েতনামের
বুই দ্যান-নুয়েন ডাকের কাছে ২১-১৭, ২১-১৭ পয়েন্টে হেরে যান তারা। জিততে পারেননি রাহাতুন
নাঈম-মিজানুর রহমান জুটিও। ভারতের স্বস্তিক মাথারাসান-গোকুল জুটির কাছে ২৬-২৪, ১৫-২১,
২১-১৭ পয়েন্টে হেরে যান তারা। নারী দ্বৈতে ব্রিটেনের চো ওয়াই লাম- থালিয়া লিন সির কাছে
বাংলাদেশের ডালিয়া-মাথিনা জুটি ২১-১১, ২১-১৩ পয়েন্টে হেরে যান। এছাড়া বাংলাদেশের রেশমা-বৃষ্টি
জুটিও জিততে পারেননি। ভারতের ন্যান্সি-সুনাইন মালিকের কাছে ২১-১৯, ১৭-২১, ২১-১৪ পয়েন্টে
হেরে যান। বাংলাদেশের সিফাত উল্লাহ-বৃষ্টি খাতুন জুটি ভারতের মাইকেল-ফারজা নাজরিন জুটির
কাছে ২১-১৩, ২১-২৩, ২১-১৭ পয়েন্টে পরাজিত হন।
আরকে/প্রবা