প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৫১ পিএম
আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৫ ১৯:৫৩ পিএম
১৭ দেশের শাটলারদের অংশগ্রহনে কাল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) থেকে শুরু
হচ্ছে ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ। ঢাকার পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর
স্টেডিয়ামে অনুষ্ঠেয় সাড়ে ১৭ হাজার মার্কিন ডলার অর্থপুরস্কারের এই টুর্নামেন্টে লড়বেন
২৩৩ শাটলার। বাংলাদেশ থেকে ৪২ শাটলার এবারের আসরে অংশ নিচ্ছেন। এর মধ্যে ৩২ পুরুষ
এবং ১০ নারী শাটলার।
পুরুষ একক, নারী একক, পুরুষ দ্বৈত, নারী দ্বৈত এবং মিশ্র- এই
পাঁচ ক্যাটাগরিতে খেলা হবে। পুরুষ এককে ভিয়েতনামের লি ডাক ফাত, ভারতের এস গুপ্তার মতো
তারকারা অংশ নিচ্ছেন। নারী এককে যুক্তরাষ্ট্রের ইশিকা জয়সোয়ালের পাশাপাশি মালয়েশিয়ার
ইং লার কিংর মতো বড় নাম ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জে যুক্ত
হয়েছে। পুরুষ দ্বৈতে শীর্ষ বাছাই হিসেবে বাংলাদেশের আল আমিন জুমার-মোয়াজ্জেম হোসেন
অহিদুলের মতো শাটলারের পাশাপাশি বাংলাদেশের আরও দুই সেরা রাহাতুন নাঈম-মিজানুর রহমান
জুটিকে দেখতে পাবেন ব্যাডমিন্টনপ্রেমীরা।-694012494c007.jpeg)
নারী দ্বৈতে যেমন থাকছেন শীর্ষবাছাই
থাইল্যান্ডের আয়ম্বরী শ্রীসাকুল- সারিসা জানপেং এবং মালয়েশিয়ার জান মিন ই এবং তান ঝিং
হুই জুটি। একইভাবে মিশ্র দ্বৈতে শীর্ষ বাছাই হিসেবে টুর্নামেন্ট আলোকিত করছেন বাংলাদেশ
আল আমিন জুমার-উর্মি আক্তার এবং মালয়েশিয়ার দাতু আসরাহ ও ক্লারিসা সান জুটি।
আরকে/প্রবা