মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, পিএলসি এর পৃষ্ঠপোষকতায়, আইইউবি চেস ক্লাব ও ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের ডিভিশন অব স্টুডেন্ট একটিভিটিজের আয়োজনে ও বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় এমটিবি আন্তর্জাতিক মাস্টার্স দাবা প্রতিযোগিতার খেলা আজ সোমবার (১৫ ডিসেম্বর) থেকে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের মাল্টি পারপাস হলে শুরু হয়েছে।
প্রথম রাউন্ডের খেলায় ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ নেপালের ক্যান্ডিডেট মাস্টার সিলওয়ান পুরুষোত্তমকে হারান। সাকলাইন কালো ঘুঁটি নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে খেলে ৬৭ চালে সিলওয়ালের বিরুদ্ধে জয়ী হন।আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড় ভারতের অর্পণ দাসের (জুনিয়র) সঙ্গে ড্র করেছেন। মনন সাদা ঘুঁটি নিয়ে অর্পণের ক্যারো-কান ডিফেন্স পদ্ধতির বিরুদ্ধে খেলে ১৮ চালের মাথায় ড্র করেন।আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিনের সঙ্গে ড্র করেন।ভারতের বিভর আদাক ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামকে হারান। বিভর কালো ঘুঁটি নিয়ে আমিনুলের ইংলিশ ওপেনিং পদ্ধতির বিরুদ্ধে খেলে ৩৪ চালে জয়ী হন।অমিত বিক্রম রায় ভারতের ফিদেমাস্টার গুরপ্রিত পাল সিংয়ের কাছে হেরে গেছেন। গুরপ্রিত কালো ঘুঁটি নিয়ে শ্লাভ ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে খেলে ৪৭ চালে অমিতকে হারান। কাল (মঙ্গলবার) দুপুর ২টা থেকে একই স্থানে দ্বিতীয় রাউন্ডের খেলা শুরু হবে। খেলাগুলো হলো : আন্তর্জাতিক মাস্টার আবু সুফিয়ান শাকিল বিভর আদাকের সাথে, অর্পণ দাস (জুনিয়র) ফিদেমাস্টার খন্দকার আমিনুল ইসলামের সাথে, ফিদেমাস্টার সাকলাইন মোস্তফা সাজিদ আন্তর্জাতিক মাস্টার মনন রেজা নীড়ের সাথে, ফিদে মস্টার গুরপ্রিত পাল সিং ক্যান্ডিডেট মাস্টার সিলওয়াল পুরুষোত্তমের সাথে ও আন্তর্জাতিক মাস্টার মিনহাজ উদ্দিন অমিত বিক্রম রায়ের সাথে খেলবেন।আরকে/প্রবা