প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫ ১৯:১২ পিএম
বিশ্ব নারী ফুটবল র্যাঙ্কিংয়ে গত আগস্টে দারুণ উন্নতি করেছিল বাংলাদেশ। ২৪ ধাপ এগিয়ে হয়েছিল ফিফার শিরোনামও। চার মাসের ব্যবধানে এবার মুদ্রার অপর পিঠটাও দেখলো পিটার বাটলারের শিষ্যারা। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) ফিফার সর্বশেষ হালনাগাদ করা র্যাঙ্কিংয়ে ৮ ধাপ পিছিয়ে ১০৪ থেকে আফঈদা-ঋতুপর্ণাদের অবস্থান এখন ১১২।
অবশ্য এই অবনমন অনুমিতই ছিল। অক্টোবর
ও নভেম্বরে দুটি ফিফা উইন্ডো মিলিয়ে চার ম্যাচ খেলেছে বাংলাদেশ। চারটিতেই পেয়েছে হারের
স্বাদ। অক্টোবরে থাইল্যান্ডের বিপক্ষে প্রথমটিতে ৩-০ ও দ্বিতীয়টিতে হারতে হয়েছে ৫-১
গোলে।
নভেম্বরে ঘরের মাঠে মালয়েশিয়া ও আজারবাইজানকে
নিয়ে ত্রিদেশীয় সিরিজ আয়োজন করে বাংলাদেশ। প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ১-০ গোলে।
দ্বিতীয় ম্যাচে ইউরোপীয় দল আজারবাইজানের বিপক্ষে ভালো ফুটবল খেললেও এড়াতে পারেনি হার
(২-১)। ফলে টানা চার ম্যাচ হেরে খোয়াতে হয়েছে ১২ রেটিং পয়েন্ট।
শীর্ষ দশে আছে যথাক্রমে : স্পেন, যুক্তরাষ্ট্র, জার্মানি, ইংল্যান্ড, সুইডেন, ব্রাজিল, ফ্রান্স, জাপান, উত্তর কোরিয়া ও কানাডা। আর এশিয়ার শীর্ষ দশে আছে যথাক্রমে : জাপান, উত্তর কোরিয়া, অস্ট্রেলিয়া, চীন, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, চাইনিজ তাইপে, ফিলিপাইন, উজবেকিস্তান ও থাইল্যান্ড। বাংলাদেশের অবস্থান ২১তম অবস্থানে।
আরকে/প্রবা