× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাফুফের সঙ্গে বিএসআরএম’র ১০ বছরের চুক্তি

বাংলাদেশকে বিশ্বকাপে দেখার প্রত্যাশা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৫ ১৯:১৮ পিএম

বাংলাদেশকে বিশ্বকাপে দেখার প্রত্যাশা

একটি দেশের ফুটবলের উন্নয়নের জন্য দরকার সঠিক-দীর্ঘমেয়াদী পরিকল্পনা, যোগ্য নেতৃত্ব, কাজ করা সদিচ্ছা ও কর্মকান্ডের স্বচ্ছতা-জবাবদিহিতা ইত্যাদি। কিন্তু সবচেয়ে আসল বা গুরুত্বপূর্ণ বিষয়টিই কিন্তু বাদ পড়ে গেল, সেটা হচ্ছে প্রয়োজনীয় বা প্রচুর অর্থ। এই জিনিষটি না হলে কিছুই হবে না। সবকিছু তিমিরেই থেকে যাবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে (বাফুফে) সেই তিমির পথে আলোর পথে আনবে বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস (বিএসআরএম)। তারা হবে বাফুফের উন্নয়নের সঙ্গী (ডেভেলপমেন্ট পার্টনার)। বাফুফে ভবনে বুধবার (১০ ডিসেম্বর) দুই পক্ষের মধ্যে ১০ বছরের চুক্তি সাক্ষরিত হয়। এর মাধ্যমে বাংলাদেশের ফুটবলের দীর্ঘমেয়াদি উন্নয়নে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। বাফুফে ভবনে উৎসবমুখর পরিবেশে আনুষ্ঠানিকভাবে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাফুফে ভবনের সাজসজ্জা এবং কর্মকর্তাদের উপস্থিতিতে দিনটি দেশের ফুটবলের জন্য একটি বিশেষ দিন হিসেবে ধরা দেয়। 

চুক্তির আর্থিক অঙ্কের বিষয় কোনো পক্ষ না জানালেও বাফুফের কর্মকর্তারা জানিয়েছেন, এ চুক্তির আওতায় বাফুফের কোচেস টেনিং প্রোগ্রাম, টেকনিক্যাল প্রোগ্রাম, এলিট একাডেমিসহ দেশের ফুটবলের নিয়ন্ত্রক এই সংস্থাটির বিভিন্ন উন্নয়নমূলক উদ্যোগের সাথে সম্পৃক্ত হবে বিএসআরএম।

এই দশ বছরের চুক্তির মধ্যে থাকছে দুটি ধাপ। প্রথম পাঁচ বছরের এক ধরণের আর্থিক সুবিধা বিএসআরএম দেবে বাফুফেকে। এই পর্বের কার্যক্রম মূল্যায়নের পর পরবর্তী পাঁচ বছরের আর্থিক অঙ্ক নির্ধারিত হবে।

চুক্তি স্বাক্ষরের পর বাফুফে সহসভাপতি ও মার্কেটিং কমিটির চেয়ারম্যান ফাহাদ করিম মিডিয়ার প্রশ্নের উত্তর দেন। সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানও রহস্যজনকভাবে সম্মেলন কক্ষ ত্যাগ করে। ফলে মিডিয়া পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের কাছে কোনো প্রশ্ন বা জানার সুযোগ পায়নি!

চুক্তির পর বাফুফে সভাপতি তাবিথ আউয়াল জানান, ‘বিএসআরএম অনেকদিন ধরে বাংলাদেশে একটা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান। তারা শুধু ব্যবসার সঙ্গে জড়িত নয়, সব উন্নয়নমূলক কাজের সঙ্গেও জড়িত। অতীতেও জড়িত ছিল, এখনও আছে, ভবিষ্যতেও আশাকরি থাকবে। বিএসআরএমের তিনটা কোন ভ্যালুস- শক্তি, নিরাপত্তা এবং স্থায়ীত্ব- আমি মনে করি বাফুফেও একই কোর ভ্যালু তাদের সঙ্গে শেয়ার করে। এটি বাফুফের জন্য অত্যন্ত সুখবর, কারণ এর আগে ফেডারেশনের সঙ্গে এত দীর্ঘমেয়াদি কোনো পার্টনারশিপ হয়নি।’ 

তাবিথ আরও বলেন, ‘১০ বছরে আমরা চেষ্টা করব প্রতি বছরের একটা বর্ষপঞ্জি করতে। আমাদের কার্যক্রমগুলা কী হবে, সেগুলো কী প্রভাব ফেলবে ফুটবলে এবং আমাদের সমাজে, সেগুলো অনুযায়ী আমরা একসাথে কাজ করব। আমাদের কিছু চলমান কার্যক্রম আছে, শিশু নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, ফিজিক্যাল-মেন্টাল স্ট্রেন্থিং এডুকেশন, সেগুলো আমরা চাচ্ছি সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে। ফুটবলের পাইপলাইন ছড়িয়ে দিতে, ট্যালেন্ট হান্টিং এই কাজগুলো আমরা সম্মিলিতভাবে করতে চাই।’

বিএসআরএমের ব্যবস্থাপনা পরিচালক আমের আলী বলেন, ‘আমাদের মুল লক্ষ্য ফুটবলের সঙ্গে যুক্ত হওয়া। বিএসআরএম নাম্বার ওয়ান ব্র্যান্ড, ফুটবল বিশ্বের নাম্বার ওয়ান খেলা। বাংলাদেশের মেয়েরা ভালো করছে, সম্প্রতি ছেলেরাও উন্নতি করছে। আমরা বাংলাদেশকে বিশ্বকাপে দেখতে চাই। আমাদের খেলাগুলো ঢাকাকেন্দ্রিক। আমরা চাই সারাদেশে ফুটবল আরও গোছালোভাবে হোক, বিকেন্দ্রীকরণ হোক, সারা দেশে ছড়িয়ে পড়ুক। তাহলে সারা দেশ থেকে অনেক ফুটবলার উঠে আসবে।’

ফাহাদ করিম বলেন, ‘আমরা তাদেরকে আগামী বছরের বাফুফের কর্মকান্ডের তালিকা দিয়েছি। সেখান থেকে তারা পছন্দ করবে কোনটা কোনটার সাথে থাকবে আবার আমাদের একটাও প্রাধান্য থাকবে। আগামী সপ্তাহে আলোচনা করে আগামী বছরের বিষয়টি ঠিক হবে।’

চার বছর মেয়াদের বর্তমান বাফুফে নির্বাহী কমিটির এক বছর ইতোমধ্যে শেষ হয়েছে। তাবিথ আউয়াল মনে করেন, ব্যক্তি বা কমিটির মেয়াদ শেষ হলেও ফুটবল এবং বাফুফে-বিএসআরএম পার্টনারশিপ অব্যাহত থাকবে।

বাফুফে কর্তৃপক্ষ জানায়, তিন দিন আগে বাফুফের অফিসিয়াল ফেসবুক পেজের ব্যাকগ্রাউন্ড রঙ পরিবর্তন করা হয়েছিল বিএসআরএমের অনুরোধে। ভবিষ্যতে বাফুফের অফিসিয়াল বোর্ড, অনুষ্ঠান ও নির্দিষ্ট ব্র্যান্ডিং স্পেসে বিএসআরএমের উপস্থিতি নিশ্চিত করা হবে। তবে নির্মাণ বা স্টিল খাতে প্রতিযোগী কোনো প্রতিষ্ঠানের লোগো যুক্ত না করার শর্ত আছে, যা বাফুফে অনুসরণ করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিএসআরএমের অর্থ পরচিালক জোহাইর তাহরে আলী, পরিচালক আব্দুল কাদরি জোহাইর এবং এফসিবি বিপপীর ব্যবস্থাপনা পরিচালক সারাহ আলী এবং দুই প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা।

আরকে/প্রবা

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা