প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৯:৫০ পিএম
জুনিয়র হকি বিশ্বকাপে (অনূর্ধ-২১) এই
প্রথমবার অংশ নিয়েছে বাংলাদেশ। অভিষেক আসরেই স্মরণীয় নৈপুণ্য দেখিয়েছে লাল-সবুজ বাহিনী।
জিতেছে ‘চ্যালেঞ্জার্স কাপ’। সোমবার (৮ ডিসেম্বর) ১৭তম স্থান নির্ধারণীর ফাইনালে অস্ট্রিয়াকে ৫-৪
গোলে হারিয়েছে তারা। এই ম্যাচেও অনবদ্য হ্যাটট্রিক করেছেন ‘হকির হামজা’ খ্যাত আমিরুল
ইসলাম, যা তার পঞ্চম এবং অভিষেক বিশ্বকাপে যেকোনো খেলোয়াড়ের সর্বোচ্চ (১৮) গোলের বিশ্বরেকর্ডও
বটে। সব মিলিয়ে তিন জয় ও এক ড্র নিয়ে আসর শেষ করল লাল-সবুজ জার্সিধারীরা। পুল পর্বে
শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫-৩ ব্যবধানে হেরে প্রতিযোগিতা শুরু করা বাংলাদেশ দক্ষিণ
কোরিয়ার বিপক্ষে ৩-৩ ড্র ম্যাচে করে। এরপর গ্রুপের শেষ ম্যাচে দল ৩-২ গোলে হেরে যায়
ফ্রান্সের কাছে।
ভারতের চেন্নাইয়ের মাদুরাই আন্তর্জাতিক
হকি স্টেডিয়ামে ম্যাচে প্রথম কোয়ার্টার শেষে বাংলাদেশ পায় দুটি পেনাল্টি কর্নার। দ্বিতীয়টি
কাজে লাগান আমিরুল। তার গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ২৭ মিনিটে পেনাল্টি কর্নার থেকে ব্যবধান
দ্বিগুণ করেন হুজাইফা হোসেন। তৃতীয় কোয়ার্টারে ফিল্ড গোলে ব্যবধান ৩-০ করেন রাকিবুল
হাসান রকি। এই কোয়ার্টারে অস্ট্রিয়া এক গোল শোধ দেয়। ৪৪ মিনিটে গোলটি করেন আন্দোর লোসোনসি।
শেষ কোয়ার্টারে জমে উঠে রোমাঞ্চ। বাংলাদেশের
সীমানায় প্রচণ্ড চাপের সৃষ্টি করে অস্ট্রিয়া। মরিয়া হয়ে ওঠে ম্যাচে ফিরতে। কিন্তু ৫০
পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে হ্যাটট্রিক পূরণ করেন আমিরুল। আবারও ব্যবধান বাড়ায় বাংলাদেশ।
পরের মিনিটেই অবশ্য বেঞ্জামিন কেননার গোল করে ব্যবধান কমিয়ে আনেন (৪-২)।
শেষ দিকে দারুণ জমে ওঠা ম্যাচে অস্ট্রিয়া
৫৭তম ও ৫৯ মিনিটে গোল পায়। গোল করেন যথাক্রমে জুলিয়ান কায়সার এবং ম্যাটিউস নিউকোয়াক।
কিন্তু বাংলাদেশকে তা আটকাতে যথেষ্ট হয়নি (৫-৪)। রোমাঞ্চকর লড়াইয়ের পর জুনিয়র হকি বিশ্বকাপে
বাংলাদেশ শেষটা টানল জয়ের চিত্তসুখ নিয়ে।
আরকে/প্রবা