প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৮:৫০ পিএম
আপডেট : ০৮ ডিসেম্বর ২০২৫ ১৯:০৩ পিএম
কানাডায় আন্তর্জাতিক ব্যাডমিন্টনে ব্রোঞ্জপদক জিতেছেন বাংলাদেশের দুই শাটলার মোয়াজ্জেম হোসেন অহিদুল ও আল আমিন জুমার। শনিবার (৬ ডিসেম্বর) রাতে টরেন্টোতে অনুষ্ঠিত ইউনেক্স কানাডিয়ান ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জের দ্বৈত ইভেন্টের সেমিফাইনালে স্বাগতিক দলের কছে ২-১ সেটে হেরে ব্রোঞ্জ নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে তাদেরকে।
টরেন্টো
থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে অহিদুল বলেন, ‘এবারের আসরে ১৫টি দেশের শাটলাররা অংশ নিয়েছিলেন।
প্রি-কোয়ার্টার ও কোয়ার্টার ফাইনালে কানাডার দুই দলের বিপক্ষে জিতে আমরা সেমিফাইনালে
উঠেছিলাম। তবে সেমিতে র্যাংকিংয়ে ৫৩ নম্বরে থাকা দুই কানাডিয়ান কেভেন লি ও লেন্দি
ম্যানের সঙ্গে পেরে উঠিনি। ১০-২১, ২১-১৩ ও ১৭-২১ গেম পয়েন্টে হেরে গেছি।’
তিনি আরও যোগ করেন, ‘কানাডায় ব্রোঞ্জ জিতে আত্মবিশ্বাস বেড়েছে। এ মাসে দেশের মাটিতে অনুষ্ঠিত ইউনেক্স-সানরাইজ চ্যালেঞ্জে ফাইনালে ফাইট দিবো আশাকরি।’ ফেডারেশনের সাধারণ সম্পাদক রাসেল কবির সুমন বলেন, ‘২-৭ ডিসেম্বর পর্যন্ত কানাডায় অনুষ্ঠিত এই টুর্নামেন্টে পদক জিতে নিজেদের প্রস্তুতি বেশ ভালভাবেই শেষ করেছে জুমার ও অহিদুল। তবে এককে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশের হয়ে খেলেছিল আইমান ইবনে জামান। সেরা ৩২ থেকে সে ছিটকে যায়।’ তিনি যোগ করেন, ‘গত বছর দেশের মাটিতেও ব্রোঞ্জ জিতেছিল জুমার-অহিদুল। এবার জিতল কানাডায়। আমার বিশ্বাস ঢাকায় আসন্ন টুর্নামেন্টে স্বর্ণপদকের জন্য লড়বে তারা।’
আরকে/প্রবা