× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ ফুটবল লিগ

ব্রাদার্সকে ধ্বসিয়ে অপরাজিত কিংস শীর্ষে

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫ ২১:৩০ পিএম

ব্রাদার্সকে ধ্বসিয়ে অপরাজিত কিংস শীর্ষে

বাংলাদেশ ফুটবল লিগের (বিএফএল) অন্যতম শিরোপা প্রত্যাশী দল বসুন্ধরা কিংসের জয়রথ অব্যাহত রয়েছে। যদিও তাদের শুরুটা হয়েছিল ড্র দিয়ে। তবে এরপর টানা চারটি জয় কুড়িয়ে নিয়েছে তারা। যার সর্বশেষটি পেয়েছে শুক্রবার (৫ ডিসেম্বর)। মুন্সীগঞ্জের শহীদ বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রায় একতরফা ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে - গোলে বিধ্বস্ত করেছে তারা। সর্বশেষ ম্যাচে রহমতগঞ্জের জালেও একই সংখ্যার গোল দিয়েছিল ‘দ্য কিংস’ খ্যাত বসুন্ধরা। 

ম্যাচের তৃতীয় মিনিটে কিংসকে এগিয়ে দেওয়ার দারুণ সুযোগ পেয়েছিলেন রাকিব হোসেন। তবে বল নিয়ে বক্সে প্রবেশ করে শট নিতে দেরি করায় কর্নারের বিনিময়ে ব্রাদার্স ইউনিয়নকে রক্ষা করেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার।

১২ মিনিটে লিড নেওয়ার সবটাই করলেন ডরিয়েলটন। কিন্তু ইমানুয়েল সানডের বাড়ানো ক্রসকে ডান-পায়ে দারুণ প্লেসমেন্ট করেও হতাশ হতে হয় তাকে। ব্রাদার্সের গোলরক্ষক ইসহাক আলি দারুণ এক ফিস্ট করে দলকে গোল হজম থেকে বাঁচান। আধিপত্য বিস্তার করে খেললেও গোল আর পাওয়া হচ্ছিল না কিংসের। ফলে মনে হচ্ছিল গোলশূন্যে ড্রয়ে শেষ হবে প্রথমার্ধ। কিন্তু ৪১ মিনিটে বদলে যায় দৃশ্যপট। ডান দিক থেকে রাকিবের ক্রসে কিংসকে লিড এনে দেন ডরিয়েলটন গোমেজ। যোগ করা সময়ের প্রথম মিনিটে আরেকটা গোলের দ্বারপ্রান্তে ছিলেন ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড। তবে এবারও ডরিয়েলতনের সামনে বাধা হয়ে দাঁড়ান গোলরক্ষক ইসহাক। ডানদিকে ঝাঁপিয়ে তার শট রুখে দেন।

কিন্তু গোল হজম করা থেকে দলকে বাঁচাতে পারেননি ব্রাদার্সের গোলরক্ষক। ফিরতি সুযোগে বলকে জালে জড়ান ফয়সাল আহমেদ ফাহিম। বিপরীতে যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে গোল পাওয়ার মতো প্রথম সুযোগ পায় ব্রাদার্স। কিন্তু বক্সের বাইরে থেকে জামাল ভূঁইয়ার নেওয়া ফ্রি কিক দারুণ ক্ষিপ্রতায় বাঁদিকে শূন্যে ভেসে কর্নারের বিনিময়ে প্রতিহত করেন গোলরক্ষক আনিসুর রহমান জিকো। সেই কর্নার শেষেই বিরতির বাঁশি বাজান রেফারি।

বিরতির পর গোল শোধ দেওয়ার বিপরীতে কিংসের একের পর এক আক্রমণের কাছে কোণঠাসা হয়ে পড়ে ব্রাদার্স। যার ফল - গোলে পিছিয়ে পড়ে তারা। ৫০ মিনিটে কিংসের তৃতীয় গোল করেন সানডে। ডান দিক থেকে বক্সের মধ্যে সানডেকে পাস বাড়ান রাকিব। ফাঁকায় দাঁড়ানো সানডে সহজেই বাঁ পায়ে বলকে জালে জড়িয়ে দেন। 

চতুর্থ গোল পেতেও খুব বেশি সময় অপেক্ষা করতে হয়নি কিংসকে। ৫৪ মিনিটে হালি পূর্ণ করেন মিডফিল্ডার সোহেল রানা জুনিয়র। অন্যদিকে ৭৭ মিনিটে নিজের জোড়া দলের পঞ্চম গোল করেন ডরিয়েলটন। ডান প্রান্ত থেকে ইমনের লম্বা ক্রস বক্সের সামনে পেয়ে শরীরের সঙ্গে সেঁটে থাকা প্রতিপক্ষকে ডজ দিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

ম্যাচের শেষ দিকে আরেকটি গোল পেতে পারত কিংস। তবে ৮৩ মিনিটে কিউবা মিচেলের নেওয়া বুলেট গতির শট অল্পের জন্য ডান পাশের বার ঘেষে চলে যায়। অন্যদিকে একদম শেষ মুহূর্তে এক গোল শোধ করে ব্রাদার্স। ৯০ মিনিটে জামালের কর্নার থেকে জাল খুঁজে নেয় মোজাম্মেল হোসেনের হেড। এরপর আর কোনো গোল না হলে বড় জয়ে মাঠ ছাড়ে কিংস।

এই জয়ে পাঁচ ম্যাচে চার জয় এক ড্রয়ে ১৩ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছে বসুন্ধরা কিংস। দ্বিতীয় স্থানে থাকা ফর্টিস এফসি তৃতীয় স্থানে থাকা ব্রাদার্স ইউনিয়নের পয়েন্ট মাত্র তিন; তবে ফর্টিস একটি ম্যাচ কম খেলেছে।


আরকে/প্রবা

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা