প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৩ পিএম
আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৯:৪৫ পিএম
ব্রিসবেনে দিবা-রাত্রির দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডকে প্রথম ইনিংসে একাই নড়বড়ে করে দিয়েছেন অস্ট্রেলিয়ার বাঁহাতি পেসার মিচেল স্টার্ক। গোলাপি বল হাতে মাত্র ৭৫ রানের বিনিময়ে ৬ উইকেট শিকার করে তিনি গড়েছেন নতুন এক বিশ্বরেকর্ড। বাঁহাতি পেসারদের মধ্যে সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় স্টার্ক টপকে গেছেন পাকিস্তানের কিংবদন্তি ওয়াসিম আকরামকে।
এই ইনিংসে বেন
ডাকেট, ওলি পোপ, হ্যারি ব্রুক, উইল জ্যাকস, ব্রাইডন কার্স ও গাস অ্যাটকিনসনকে ফিরিয়ে
স্টার্ক পৌঁছে যান ক্যারিয়ারের ৪১৫তম উইকেটে। আকরাম যেখানে ১০৪ টেস্টে ১৮১ ইনিংসে নিয়েছিলেন
৪১৪ উইকেট, সেখানে স্টার্ক মাত্র ১০২ টেস্টের ১৯৫তম ইনিংসেই তাকে ছাড়িয়ে গেলেন।
এদিন ইংল্যান্ড
শিবিরে একমাত্র স্থিরতা এনে দেন জো রুট। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে অস্ট্রেলিয়ার
মাটিতে সেঞ্চুরির স্বাদ পেলেন ইংলিশ অধিনায়ক। অ্যাশেজের দ্বিতীয় টেস্টে তিনি খেলেন
অপরাজিত ১৩৫ রানের দুর্দান্ত ইনিংস। অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম সেঞ্চুরি পেতে রুটের
সময় লেগেছে ১২ বছর, ৩০ ইনিংস ও ১৬ টেস্ট। এ ছাড়া এদিন তিনি পূর্ণ করেন অস্ট্রেলিয়ায়
নিজের টেস্ট ক্যারিয়ারের হাজার রান।
ইংল্যান্ড প্রথম
ইনিংসে ৩২৫ রানে দিন শেষ করেছে। ২৬৪ রানে নবম উইকেট হারানো দলটি শেষ উইকেট জুটিতে আরও
৬১ রান যোগ করে চমকে দেয়। দিন শেষে অপরাজিত থাকেন জফরা আর্চার ৩২ রানে এবং শতককারী
রুট ১৩৫ রানে।