বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার-ব্রাজিলের সাও বার্নার্দো ফুটবল ক্লাব মুখোমুখি কাল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৪ ডিসেম্বর ২০২৫ ১৮:৪৪ পিএম
বহুল প্রতীক্ষিত 'এএফবি লাতিন বাংলা সুপার কাপ' ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে কাল শুক্রবার (৫ ডিসেম্বর) থেকে। ঢাকা জাতীয় স্টেডিয়ামে সন্ধ্যা ৭টায় এই টুর্নামেন্টের পর্দা উঠবে। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে লাতিন আমেরিকার ফুটবল পরাশক্তি ব্রাজিলের সাও বার্নার্দো ফুটবল ক্লাব এবং স্বাগতিক বাংলাদেশের রেড গ্রিন ফিউচার স্টার। টুর্নামেন্টের অপর দল হলো আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ক্লাব।
টুর্নামেন্টকে সামনে রেখে আজ বৃহস্পতিাবর (৪ ডিসেম্বর) ঢাকার
রিজেন্সি হোটেলে অংশগ্রহণকারী তিন দলকে নিয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। স্বাগতিক
রেড গ্রিন ফিউচার স্টার ক্লাবের হেড কোচ ইমরুল কায়েস দল নিয়ে আশাবাদী হলেও তারুণ্যের
প্রতি আস্থা রেখে লক্ষ্য স্থির করেছেন শেখার দিকে। তিনি জানান, ‘এই দলটার অধিকাংশ ফুটবলারই
অনূর্ধ-১৭ জাতীয় দলের। চীনে এএফসি অনুর্ধ-১৭ এশিয়ান কাপের বাছাই পর্ব খেলা দলের ১৯
জন এই স্কোয়াডে আছেন। ২৩ জনের দলে প্রবাসী ৪ ফুটবলারও রয়েছেন।’
বাংলাদেশের লক্ষ্য নিয়ে কোচ কায়েস
বলেন, 'ব্রাজিল ও আর্জেন্টিনার এই দল দুটি সম্পর্কে তেমন কিছুই জানি না। তবে লাতিন
ফুটবলের সাথে পরিচয় হতে আমাদের ফুটবলারদের জন্য এটি দারুণ একটা সুযোগ। আমাদের ছেলেরা
অনেক কিছু শিখতে পারবে বলে আশা করছি। আমরা যতোটা ভালো করতে পারি সেই লক্ষ্য থাকবে।'
দলের অন্যতম গুরুত্বপূর্ণ ফুটবলার যুক্তরাষ্ট্র
প্রবাসী বিতোশোক চাকমা, তার রোমাঞ্চের কথা প্রকাশ করেন, 'এই টুর্নামেন্ট নিয়ে খুব
শিহরিত। আশাকরি ব্রাজিল ও আর্জেন্টিনার সঙ্গে আমরা ভালো খেলা উপহার দিতে পারব। আমরা
আমাদের সেরাটা দেয়ার চেষ্টা করবো দুই ম্যাচে। ম্যাচ সহজ হবে না, তবে আশা করছি ভালো
কিছু উপহার দিতে পারবো।'
আর্জেন্টিনার অ্যাথলেটিকো চার্লোন ক্লাবের
কোচ বলেন, ‘আমরা খুব খুশি এখানে আসতে পেরে। এই টুর্নামেন্টে আমরা আর্জেন্টিনার স্কিল
দেখানোর জন্য প্রস্তুত। সেরা ফুটবলার নিয়ে আমাদের এই দলটি করা হয়েছে।'
ব্রাজিলের কোচ লিওনার্দো বলেন, 'বাংলাদেশের মানুষ ফুটবল ভালোবাসে। আমরা সেরা খেলাটা দিয়ে টুর্নামেন্ট জিততে চাই।' ব্রাজিল দলের গোলরক্ষক ড্যানিয়েল বলেন, 'আমরা এখানে এসেছি আমাদের স্কিল দেখিয়ে চ্যাম্পিয়ন হতে। আর্জেন্টিনাও এই টুর্নামেন্ট জয়ের জন্য এসেছে। তাই আমরা জানি খেলা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।'
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আয়োজক প্রতিষ্ঠান এএফ বক্সিং প্রমোশন ইন্টারন্যাশনালের ব্যবস্থাপনা পরিচালক এমডি আসাদুজ্জামান বলেন। অনলাইনের পাশাপাশি ম্যাচের দিন স্টেডিয়ামের গেট থেকেও দর্শক টিকিট সংগ্রহ করতে পারবেন।
আরকে/প্রবা