ফেডারেশন কাপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০২ ডিসেম্বর ২০২৫ ১৮:১৯ পিএম
দুভার্গ্য যেন পিছু ছাড়ছেই না ‘ব্ল্যাক অ্যান্ড হোয়াইট’ খ্যাত মোহমেডান স্পোর্টিং ক্লাবের। আভ্যন্তরীণ দ্বন্দ্বে জর্জরিত ক্লাবটি বাংলাদেশ ফুটবল লিগে হারের পর এবার ফেডারেশন কাপেও হোঁচট খেয়েছে! মঙ্গলবার (২ ডিসেম্বর) কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তারা ম্যাচের শেষদিকে গোল করে কোনোমতে হার এগিয়েছে ফর্টিস এফসির বিপক্ষে। ম্যাচটি ড্র হয় ১-১ গোলে। এছাড়া বসুন্ধরা কিংস এ্যারেনায় অনুষ্ঠিত অপর ম্যাচে গ্রুপের অন্য ম্যাচে আরামবাগ ক্রীড়া সংঘকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ পুলিশ এফসি। দুটিই ছিল বি-গ্রুপের ম্যাচ।
কুমিল্লার ম্যাচে ফর্টিস ২৭ মিনিটে গোল করে লিড নেয়। নেপালের অনন্ত তামাংয়ের হেড গোলরক্ষক সাকিব আল হাসান ফিস্ট করার পর হেড করে ফর্টিসকে এগিয়ে নেন নাইজেরিয়ান ফরোয়ার্ড ওকাফোর ওনিয়াকাচি (১-০)।
গত লিগের সর্বোচ্চ গোলদাতা স্যামুয়েল বোয়াটেংয়ের গোলেই শেষ দিকে এক পয়েন্ট নিশ্চিত হয় মোহামেডানের। ৮৬ মিনিটে উজবেকিস্তানের মিডফিল্ডার মোজাফ্ফরভের নিচু কর্নারে বক্সের জটলার ভেতর থেকে প্লেসিং শটে লক্ষ্যভেদ করেন ঘানার স্ট্রাইকার বোয়াটেং (১-১)।
দুই ম্যাচে একটি করে জয় ও ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে গ্রুপ টেবিলে অবশ্য শীর্ষেই আছে মোহামেডন। ৩ পয়েন্ট নিয়ে তার পরেই আছে পুলিশ এফসি। আরামবাগও ১ ম্যাচে ৩ পয়েন্ট পেয়েছে। আর ২ ম্যাচে খেলেও পুলিশ পয়েন্টশূন্য।
আরকে/প্রবা