প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ ডিসেম্বর ২০২৫ ১৯:৪২ পিএম
স্পোর্টস ফর হোপ ইন্ডিপেনডেন্স ও আন্তর্জাতিক রেড ক্রস কমিটির সার্বিক সহযোগিতায় ও আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস উদযাপনের অংশ হিসেবে সোমবার (১ ডিসেম্বর) থেকে ঢাকার আসাদ গেট সংলগ্ন প্রতিবন্ধী মাঠে বাংলাদেশে প্রথমবারের মতো শুরু হয়েছে অ্যাম্পিউটি ফুটবল লিগ।

উদ্বোধনী
দিনে ছেলেদের চারটি এবং মেয়েদের একটি ম্যাচ অনুষ্ঠিত হয়। ছেলেদের গ্রুপে স্যার জগদীশ
চন্দ্র বসু ও কাজী নজরুল ইসলাম দলের মধ্যে ম্যাচটি গোলশূন্য ড্র হয়। শেরে বাংলা এ
কে ফজলুল হক দল ১-০ গোলে মোনেম মুন্না দলকে, শেরে বাংলা দল ৪-১ গোলে কাজী নজরুল ইসলাম
দলকে এবং মোনেম মুন্না দল ৪-০ গোলে জগদীশ চন্দ্র বসু দলকে হারায়। মেয়েদের একমাত্র খেলায়
সুফিয়া কামাল দল ২-২ গোলে ড্র করে বেগম রোকেয়া দলের সাথে। 
লিগের
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড. মারুফ আহমেদ মৃদুল (মহাসচিব, ন্যাশনাল প্যারালিম্পিক
কমিটি অব বাংলাদেশ)। এছাড়া আরও উপস্থিত ছিলেন আসিফুল হাসান মাসুদ (কোষাধক্ষ, ন্যাশনাল
প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ), দীপালি গৌড় (হেড অব কমিউনিকেশন এ্যান্ড প্রিভেনশন,
আন্তর্জাতিক রেড ক্রস কমিটি), শারমিন ফারহানা চৌধুরী (প্রতিষ্ঠাতা-সভাপতি, স্পোর্টস
ফর হোপ এ্যান্ড ইনডিপেনডেন্স)। 
কাল মঙ্গলবার সমাপনী দিনে নকআউট পর্বের খেলা শেষে বেলা দেড়টায় ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।
পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হবে। 
উল্লেখ্য, অ্যাম্পিউটি ফুটবল লিগ আয়োজন দেশের ক্রীড়াঙ্গনে একটি গুরুত্বপূর্ণ ক্রীড়া উদ্যোগ। যার লক্ষ্য প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিযোগিতামূলক কাজে নিয়োজিত রাখে তাদের সক্ষমতা ও সাফল্যকে জাতির সামনে তুলে ধরা।
আরকে/প্রবা