প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৯:১৩ পিএম
বাংলাদেশের পোশাক শিল্প কর্মীদের কল্যাণ, ফুটবলের প্রসার এবং 'মেইড ইন বাংলাদেশ' ক্যাম্পেইনকে বিশ্ব দরবারে তুলে ধরার লক্ষ্যে আজ রবিবার (৩০ নভেম্বর) বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বিএফএফ) এর মধ্যে একটি যুগান্তকারী সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
উত্তরাস্থ বিজিএমইএ কমপ্লেক্সের নুরুল কাদের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে, বিজিএমইএ এর পক্ষে সভাপতি মাহমুদ হাসান খান এবং বিএফএফ এর পক্ষে সভাপতি তাবিথ আউয়াল সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এর মাধ্যমে বিজিএমইএ বাংলাদেশের কোনো স্পোর্টস বডি এর সঙ্গে অংশীদারিত্ব স্থাপনকারী প্রথম ট্রেড বডি হিসেবে গণ্য হবে।
এই সমঝোতা স্মারকের প্রধান লক্ষ্য হলো যৌথ কর্মসূচি, প্রশিক্ষণ উদ্যোগ, প্রতিভা বিকাশ এবং ক্রীড়াসংশ্লিষ্ট কল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে পোশাক শিল্প কর্মীদের জীবনযাত্রার মান উন্নয়ন এবং দেশের ফুটবলের অগ্রগতিতে অবদান রাখা।
গুরুত্বপূর্ণ সহযোগিতা ক্ষেত্রগুলোর মধ্যে রয়েছে :
• বিএফএফ, বিজিএমইএ’কে ফুটবল ইভেন্ট আয়োজনে কারিগরি দল এবং প্রশিক্ষণ সহায়তা প্রদান করবে।
• পোশাক কর্মীদের রেফারি এবং কোচিং লাইসেন্সের মতো সফট স্কিলে প্রশিক্ষণ দিতেও সহায়তা করবে বিএফএফ।
• উভয় প্রতিষ্ঠান যৌথভাবে বিজিএমইএ সদস্যদের জন্য প্রোগ্রাম গ্রহণ করবে।
• আন্তর্জাতিক ম্যাচগুলোতে বিজিএমইএ এর প্রামাণ্য চিত্রগুলো বড় স্ক্রিনে প্রদর্শন করে ‘মেইড ইন বাংলাদেশ" জোরালোভাবে প্রমোট করা হবে।
• বিএফএফ বৈশ্বিক ফুটবল ফোরামে বিজিএমইএ এবং বাংলাদেশের পোশাক শিল্পকে প্রমোট করবে।
• বিজিএমইএ বিএফএফ-এর জার্সী চাহিদা পূরণে অংশীদারদের নিয়ে কাজ করতে পারবে এবং ভবিষ্যতে জাতীয় দলের জার্সি ও ট্রাভেল পোশাক ডিজাইনে সহায়তা করবে।
• দুই সংস্থা যৌথভাবে শিশু সুরক্ষা, নারীর ক্ষমতায়ন এবং পুষ্টি উন্নয়নের জন্য সচেতনতামূলক প্রচারাভিযান চালাবে। পাশাপাশি, কারখানার কর্মীদের সন্তানদের তৃণমূল ফুটবলে অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হবে।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে মঞ্চে আরও উপস্থিত ছিলেন বিজিএমই ‘র সিনিয়র সহ-সভাপতি ইনামুল হক খান (বাবলু), সহ-সভাপতি, রেজোয়ান সেলিম, সহ-সভাপতি (অর্থ) মিজানুর রহমান, সহ-সভাপতি শিহাব উদ্দোজা চৌধুরী, শাহ রাঈদ চৌধুরী, পরিচালক নাফিস-উদ-দৌলা, চৌধুরী, পরিচালক শেখ হোসেন মো. মোস্তাফিজ, পরিচালক কাজী মিজানুর রহমান, পরিচালক আসেফ কামাল পাশা, পরিচালক মোহাম্মদ সোহেল, বিজিএমইএ-এর স্পোর্টস কমিটির চেয়ারম্যান সাজ্জাদ আলী খান; প্রেস, পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটি কমিটির চেয়ারম্যান মাসুদ কবির; ব্র্যান্ডিং বিজিএমইএ কমিটির চেয়ারম্যান খান মনিরুল ইসলাম (শুভ)।
বিএফএফ-এর পক্ষ থেকে আরও উপস্থিত ছিলেন সহ-সভাপতি ফাহাদ করিম এবং নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন, গোলাম গাউস, জাকির হোসেন চৌধুরী এবং কামরুল হাসান হিলটন।
সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বিজিএমইএ-এর সাথে অংশীদারিত্বের জন্য বিএফএফ সভাপতিকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, ‘বিশ্ব আজ বাংলাদেশকে চেনে আমাদের পোশাকের শক্তিতে, আমাদের অর্থনৈতিক সাফল্যের গাঁথা দিয়ে। আমরা স্বপ্ন দেখি, এইবার বিশ্ববাসী বাংলাদেশকে চিনবে আমাদের ফুটবলের নৈপুণ্যে, আমাদের ক্রীড়াঙ্গনের সাফল্যে। শিল্প এবং ক্রীড়ার এই যৌথ পথচলা বিশ্বজুড়ে বাংলাদেশের সম্মানকে নতুন উচ্চতা দেবে।’
বিএফএফ সভাপতি তাবিথ আউয়াল বলেন, ‘এই সমঝোতা স্মারকের ফলে পোশাক শিল্প ও ফুটবলের দেশের জন্য একসাথে কাজ করার পথ তৈরি হলো। আমি ফুটবলকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়ার জন্য বিজিএমইএ-এর সহযোগিতা কামনা করি।’
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিজিএমইএ-এর পরিচালক শাহ রাঈদ চৌধুরী। মূলত তার উদ্যোগেই বিজিএমইএ ও বিএফএফ এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।
আরকে/প্রবা