প্রবা প্রতিবেদক
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫ ১৮:৩৯ পিএম
আপডেট : ৩০ নভেম্বর ২০২৫ ১৯:২৫ পিএম
মো. জহির উদ্দিন ভূঁইয়া। প্রবা ফটো
রাজধানীর খিলগাঁও ফ্লাইওভারে দ্রুতগামী গাড়ির ধাক্কায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে মো. জহির উদ্দিন ভূঁইয়া (৫২) নামে এক সাংবাদিক নিহত হয়েছেন। তিনি ভোরের পাতার সিনিয়র স্পোর্টস রিপোর্টার ছিলেন।
রবিবার (৩০ নভেম্বর) বিকাল পৌনে ৫টার দিকে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত সাংবাদিকের ছেলে মো. রাকিব ভূঁইয়া তামিম জানান, আমার বাবা বিকেল পৌনে ৪টার দিকে খিলগাঁও ফ্লাইওভারে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় একটি গাড়ি ধাক্কা দিলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গুরুতর আহত হন। পরে আমরা খবর পেয়ে বাবাকে উদ্ধার করে প্রথমে মুগদা মেডিকেল হাসপাতালে নিয়ে যাই। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসলে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে চিকিৎসাধীন অবস্থায় আমার বাবার মৃত্যু হয়।

তিনি আরও জানান, আমাদের গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর থানার চাবিতলা গ্রামে। বর্তমানে আমরা সবুজবাগের বাসাবো থাকি। আমরা এক ভাই দুই বোন, আমার বাবা দৈনিক ভোরের পাতার সিনিয়র ক্রীড়া সাংবাদিক ছিলেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে ,বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।