প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ২৩:১২ পিএম
চট্টগ্রামে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে সফরকারী আয়ারল্যান্ডের বিপক্ষে সহজ ম্যাচে কঠিন করে জিতে সিরিজে ১-১ সমতা এনেছে বাংলাদেশ দল। শনিবার (২৯ নভেম্বর) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে আয়ারল্যান্ডকে ৪ উইকেটে হারায় টিম টাইগার। এদিন শেষ ৩১ বলে প্রয়োজন ৩৩ রান, হাতে ৮ উইকেট। দারুণ ফিফটি করে ক্রিজে তখনও লিটন কুমার দাস, ম্যাচ জয় তখন সময়ের ব্যাপার। কিন্তু সেই ম্যাচ জিততে স্বাগতিকদের অপেক্ষা করতে হয় শেষ ওভার পর্যন্ত।
শনিবার (২৯ নভেম্বর) টসে জিতে ব্যাট করতে নেমে টাইগার বোলাদের ওপর চড়াও হয়ে খেলতে থাকে সফরকারী আয়ারল্যান্ড। ২৮ বলেই ৫৭ রানের উদ্বোধনী জুটি গড়ে বাংলাদেশকে দুশ্চিন্য় ফেলে দেয় সফরকারীরা। তবে ১৪ বলে ২৯ রান করা পল স্টার্লিংকে ফিরিয়ে দলকে প্রথম উইকেট এনে দেন পেসার তানজিম হাসান।
প্রথম ম্যাচের মতো আজও দারুণ শুরু করেন অপর আইরিশ ওপেনার টিম টেক্টর। বড় ভাই হ্যারি টেক্টরের সঙ্গে ২১ বলে ৩১ রানের জুটিতেও তার অবদানই ছিল বেশি। তবে ভয়ংকর হয়ে ওঠার আগেই ২৫ বলে ৩৮ রান করা এ ব্যাটারকে ফেরান শেখ মেহেদী হাসান।
টিম টেক্টরের বিদায়ের পর থেকেই আইরিশদের রানের চাকা স্লো হয়ে যায়। তবে আয়ারল্যান্ডকে লড়াই করার মতো জায়গায় নিয়ে যান লোরকান টাকার। তার ৩২ বলে ৪১ রানে বাংলাদেশের সামনে ১৭১ রানের চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় আইরিশরা।
বল হাতে বাংলাদেশের হয়ে ভালো করেন শেখ মেহেদী। লেগ স্পিনার রিশাদ হোসেনের জায়গায় একাদশে ঢুকে তিনি ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন। তানজিম সাকিব ৩ ওভারে ১৭ রান দিয়ে নেন ১ উইকেট। ওই তুলনায় সাইফউদ্দিন, মুস্তাফিজরা খরুচে ছিলেন। আইরিশদের হয়ে গ্যারেথ ডিলানি ও মার্ক এডায়ার ৪ ওভার করে হাত ঘুরিয়ে যথাক্রমে ২৮ ও ৩৬ রান দিয়ে দুটি করে উইকেট নেন।
১৭১ রানেরজয়ে লক্ষ্যে খেলতে নেমে প্রথম ম্যাচের মতো পাওয়ারপ্লেতেই উইকেট হারানোর মিছিল শুরু হয়নি। এদিন পারভেজ হোসেন ইমনই মূলত রান তাড়ার ছন্দটা ঠিক করে দিয়ে যান। ১০ বলে ৭ রান করে তার উদ্বোধনী সঙ্গী তানজিদ হাসান আউট হয়ে যাওয়ার পরও আরেক পাশে ঝোড়ো ব্যাটিং করতে থাকেন ইমন।
তবে ইনিংস খুব লম্বা হয়নি তার, ২৮ বলে ৫ চার ও ২ ছক্কায় ৪৩ রান করে স্টিফেন ডেলোনির বলে ক্যাচ তুলে দেন ইমন। তার বিদায়ের পর টাইগারদের ইনিংসটা টেনে নেওয়ার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন অধিনায়ক লিটন নিজেই। সাইফ হাসানের সঙ্গে তৃতীয় উইকেটে ৩১ বলে ৫২ রানের জুটি গড়ে দলকে জয়ের কাছাকাছি নিয়ে যান দুজন। তবে তাদের কেউই যদিও শেষ পর্যন্ত থাকতে পারেননি। লিটন ৩৭ বলে ৫৭ রানে লেগ বিফোরের ফাঁড়ে পড়েন এবং সাইফ ১৭ বলে ২২ রান করে ক্যাচ তুলে দেন।
লিটটের আউটের পর চাপে পড়ে যায় বাংলাদেশ। তাওহীদ হৃদয় (৯ বলে ৬ রান) ও নুরুল হাসান (৭ বলে ৫ রান) ব্যর্থ হন। শেষটায় সাইফউদ্দিন ৭ বলে দুই চার ও এক ছক্কায় ১৭ রানের ইনিংস খেলে দলকে জয় এনে দেন।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড: ২০ ওভারে ১৭০/৬ (স্টার্লিং ২৯, টিম টেক্টর ৩৮, হ্যারি টেক্টর ১১, টাকার ৪১, কালিৎজ ৭, ডকরেল ১৮, ডেল্যানি ১০*; মেহেদি ৪-০-২৫-৩, নাসুম ৪-০-৩১-০, তানজিম ৩-০-১৭-১, সাইফ উদ্দিন ৪-০-৪০-১, মুস্তাফিজ ৪-০-৩৯-০, সাইফ হাসান ১-০-৭-০)।
বাংলাদেশ: ১৯.৪ ওভারে ১৭৪/৬ (পারভেজ ৪৩, তানজিদ ৭, লিটন ৫৭, সাইফ ২২, হৃদয় ৬*, সোহান ৫, সাইফ উদ্দিন ১৭*, শেখ মেহেদি ৬*; হামফ্রিজ ৪-০-৩৮-০, অ্যাডায়ার ৪-০-৩৬-২, ম্যাককার্থি ৪-০-২৭-০, লিটল ৩.৪-০-৩৯-০, ডেল্যালি ৪-০-২৮-২)।
ম্যান অব দা ম্যাচ: লিটন কুমার দাস।