প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৫ ১৯:৩৪ পিএম
রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। শনিবার (২৯ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেন তিনি।
ফেসবুক স্ট্যাটাসে তামিম ইকবাল লেখেন, ‘বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করছি। জীবনে অনেক প্রতিকূলতার সঙ্গে লড়াই করে তিনি টিকে থেকেছেন। এবারও সব শঙ্কা দূর করে তিনি হাসিমুখে ফিরবেন। সবাই তার সুস্থতার জন্য দোয়া করি।’
বর্তমানে মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে দেশি-বিদেশি চিকিৎসকের মাধ্যমে সিসিইউতে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে খালেদা জিয়াকে। শুক্রবার (২৮ নভেম্বর) সন্ধ্যায় সর্বশেষ মেডিকেল বোর্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। এদিন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ জ্যেষ্ঠ কয়েকজন নেতা তাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।
এদিকে, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস দেশবাসীর দোয়া কামনা করেছেন। এছাড়া তিনি সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় সহায়তা ও চিকিৎসার সমন্বয়ে সার্বক্ষণিক প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন। ড. ইউনূসের এই মানবিক ও সৌজন্যপূর্ণ উদ্যোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রবিবার (২৩ নভেম্বর) রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদাকে জিয়া এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষায় বুকে ‘সংক্রমণ’ ধরা পড়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর দেখা দেয় নিউমোনিয়া, এর সঙ্গে রয়েছে- কিডনি, লিভার, আর্থ্রাইটিস ও ডায়াবেটিসের পুরোনো সমস্যা। পরিস্থিতি এমন—একটি রোগের চিকিৎসা দিতে গেলে আরেকটির ওপর বিরূপ প্রভাব পড়ছে।
এমন পরিস্থিতিতে শুক্রবার (২৮ নভেম্বর) খালেদা জিয়ার শারীরিক অবস্থাকে ‘অত্যন্ত সংকটময়’ বলেন দলের মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপির নেতারা বলছেন, গত দুই দিনে খালেদা জিয়ার শারীরিক অবস্থার কোনো উন্নতি হয়নি। চিকিৎসকেরা তাকে উন্নত চিকিৎসার জন্য সম্ভব হলে দ্রুত সিঙ্গাপুরে নেওয়ার বিষয়ে চিন্তা করছেন।