× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এএফসি অনূর্ধ-১৭ এশিয়ান কাপ বাছাইপর্ব

ব্রুনাইকে বিধ্বস্ত করে জয়ের ধারায় বাংলাদেশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ২২:৫২ পিএম

আপডেট : ২৪ নভেম্বর ২০২৫ ২২:৫৩ পিএম

ম্যাচ শেষ। বড় ব্যবধানে জিতে বাংলাদেশ দলের উল্লাস। ছবি : বাফুফে

ম্যাচ শেষ। বড় ব্যবধানে জিতে বাংলাদেশ দলের উল্লাস। ছবি : বাফুফে

এএফসি অনূর্ধ-১৭ এশিয়ান কাপের বাছাইপর্বে জয়ের ধারা অব্যাহত রেখেছে বাংলাদেশ। সোমবার (২৪ নভেম্বর) এ-গ্রুপের দ্বিতীয় ম্যাচে ব্রুনাই দারুসসালামকে ৮-০ গোলে বিধ্বস্ত করে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা। চীনের চোংকিংয়ের ইয়ংচুয়াং স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত এই ম্যাচে বলতে গেলে একতরফা খেলে দর্শকদের মাতিয়ে রাখেন তারা।

ম্যাচের ১৩ মিনিটে প্রথম গোল করে বাংলাদেশ। অধিনায়ক নাজমুল হুদা ফয়সালের পাস থেকে জালে বল জড়ান ফরোয়ার্ড অপু রহমান। ব্যবধান দ্বিগুন হতে অপেক্ষা মাত্র ১০ মিনিটের, এবার দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে জালে বল জড়ান আরেক ফরোয়ার্ড রিফাত কাজি। অ্যাসিস্টের পর এবার গোলদাতা অধিনায়ক নিজেই, ৩৬ মিনিটে ডিফেন্ডার  ইশান হাবিব রিদুয়ানের থ্রুকে গোলে পরিণত করতে ভুল করেননি ফয়সাল। পরের মিনিটেই দূরপাল্লার শট থেকে ব্যবধান ৪-০ করেন বাংলাদেশ নাম্বার নাইন মো. মানিক।



বিরতির পরও বাংলাদেশের গোল উৎসব চলে সমানতালে। ৪৯ মিনিটে দলের পঞ্চম ও নিজের দ্বিতীয় গোল করেন অপু। জোড়া গোলে নাম লেখান আরেক ফরোয়ার্ড রিফাত কাজীও। প্রতিপক্ষ গোলরক্ষক ভুল করলেও, ভুল করেননি রিফাত। নাজমুল হুদা ফয়সালের নেয়া শটে ফিরতি শটে জালে বল জড়ান। ৭৬ মিনিটের সপ্তম গোলের অবদান মিডফিল্ডার মো. আরিফের। এবার যথারীতি কোচ ছোটন পরখ করেন সাইড বেঞ্চ। বদলি বায়েজিত বোস্তামি ম্যাচ শেষের ১১ মিনিট আগে করেন দলের অষ্টম ও শেষ গোলটি। পুরো ম্যাচেই ব্রুনাইয়ের বিপক্ষে একচ্ছত্র আধিপত্য দেখিয়েছে টিম বাংলাদেশ। গোলের সুযোগ নষ্ট হয়েছে, এমনকি একাধিক শট ফিরেছে বারপোষ্টে, তাতে ৮-০ গোলের ব্যবধানেই সন্তুষ্ট থাকতে হয় লাল-সবুজের ছেলেদের।

ম্যাচ শেষে কোচ ছোটন বলেন, ‘আমাদের ছেলেরা শুরুতে আক্রমণাত্মক ও পজিটিভ ফুটবল খেলেছে। এতে গোলের সুযোগ এসেছে এবং কাজে লাগাতে পেরেছে বলে বড় জয়। এজন্য ফুটবলারদের ধন্যবাদ। আগামী ম্যাচেও আমরা এই ধারাবাহিকতা ধরে রাখতে চাই।’

বাংলাদেশের পরবর্তী ম্যাচ কাল বুধবার (২৫ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে। এই গ্রুপে বাংলাদেশের মূল প্রতিদ্বন্দ্বী চীন ও বাহরাইন। 

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা