প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫ ০১:০২ এএম
সুপার ওভারে ভারত ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে উঠেছিল বাংলাদেশ ‘এ’ দল। কিন্তু শিরোপার লড়াইয়ে এই সুপার ওভারেই স্বপ্নভঙ্গ হল আকবর আলীর দলের।
রবিবার (২৩ নভেম্বর) কাতারের রাজধানি দোহায় রাইজিং স্টার্স টুর্নামেন্টের ফাইনালে সুপার ওভারে ৬ রানে অলআউট হয় বাংলাদেশ। এই অল্প পুঁজিতে আটকে রাখা সম্ভব হয়নি পাকিস্তান ‘এ’ দলকে। ২ বল হাতে রেখেই শিরোপা জিতে নিল তারা।
এর আগে শিরোপা জয়ের জন্য ১২৬ রানের টার্গেট পায় বাংলাদেশ। একটা পর্য্যায়ে মাত্র ৯৬ রানেই পতন ঘটে ৯ উইকেটের। এরপর দশম উইকেট জুটিতে দারুণ বীরত্ব দেখালেন আবদুল গাফফার সাকলাইন (১৬*) ও রিপন মণ্ডল (১১*) । জয়ের শেষ ওভারে পয়োজন পড়ল ৭ রান। কিন্তু এই সমীকরণ মেলাতে পারেননি তারা। পাকিস্তানের মতই ১২৫ রানে রান তোলে বাংলাদেশ। শেষ বলে ১ রান নিয়ে ম্যাচটা টাই করে শিরোপার লড়াইকে সুপার ওভারে নিয়ে যান দুজনে।
সুপার ওভারে প্রথম বলে হাবিবুর রহমান ১ রান নেন। দ্বিতীয় বলে আবদুল গাফফার ফিরতি ক্যাচ দেন পাকিস্তানি পেসার আহমেদ দানিয়ালকে। পরের বলে ওয়াইড থেকে আসে ৫ রান। তৃতীয় বলে জিশান আলমকে বোল্ড করে দেন দানিয়াল।
রিপন মণ্ডলের করা সুপার ওভারের প্রথম দুই বলে ১ রান করে নেন দুই পাকিস্তানী ব্যা টসম্যান। তৃতীয় বলে চার মারেন সাদ মাসুদ। চতুর্থ বলে ১ রান নিয়ে শিরোপা নিশ্চিত করে পাকিস্তান।