নারী কাবাডি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৫ ২২:২৩ পিএম
দলকে প্রয়োজনীয় দিক-নিদের্শনা দিচ্ছেন কোচ শাহনাজ পারভীন মালেকা। ছবি : কাবাডি ফেডারেশন
নারী কাবাডি বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে কাল শনিবার (২২ নভেম্বর) থাইল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। এই লড়াইয়ে জয় পেলে সেমিফাইনালের টিকিট পাবে লাল-সবুজরা, নিশ্চিত হবে নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশের প্রথম পদকও।
২০১২
সালে ভারতে অনুষ্ঠিত প্রথম নারী কাবাডি বিশ্বকাপে গ্রুপসেরা হয়ে কোয়ার্টার ফাইনালে
উঠেছিল বাংলাদেশ। জাপানের কাছে ১৭-১৫ পয়েন্টে হেরে বিদায় নিতে হয়েছিল শেষ আট থেকে।
চার সেমিফাইনালিস্টের পরের অবস্থান অর্থাৎ পঞ্চম স্থান নিয়ে আসর শেষ করতে হয়েছিল বাংলাদেশ
দলকে। এবার সেই অবস্থান থেকে উন্নতির লক্ষ্য নিয়েই আরদুজ্জামান মুন্সী ও শাহনাজ পারভীন
মালেকার কোচিংয়ে মাঠে নেমেছে স্বাগতিক দলের নারী খেলোয়াড়রা।
মিরপুর
শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচ শুরু হবে সকাল সাড়ে ১০টায়। এটি
বাংলাদেশের চতুর্থ ম্যাচ। উগান্ডাকে ৪২-২২ পয়েন্টে হারিয়ে আসর শুরু করে স্বাগতিকরা।
দ্বিতীয় ম্যাচে জার্মানিকে ৫৭-২৭ পয়েন্টে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নেয় তারা। তৃতীয়
ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন ভারতের কাছে ৪৩- ১৮ পয়েন্টে হেরে প্রথমবারের মতো পরাজয়ের
স্বাদ নিতে হয়। তিন ম্যাচ শেষে রূপালী আক্তারের নেতৃত্বাধীন দলটির সংগ্রহ ৪ পয়েন্ট।
বাংলাদেশের
মতো থাইল্যান্ডও সমান ৪ পয়েন্ট সংগ্রহ করেছে। ভারতের কাছে ২০-৬৫ পয়েন্টে হেরে আসর শুরু
করলেও দ্বিতীয় ম্যাচে উগান্ডাকে ৫১-৩৭ পয়েন্টে হারিয়ে ঘুরে দাঁড়ায় তারা। শুক্রবার জার্মানিকে
হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি।
এশিয়ান
চ্যাম্পিয়নশিপে থাইল্যান্ডকে ৪২-২৭ পয়েন্টে হারালেও এবার ম্যাচকে হালকাভাবে নিচ্ছেন
না বাংলাদেশ কোচ শাহনাজ পারভীন মালেকা। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে তিনি বলেন, ‘দলে
ছোটখাটো কিছু চোট রয়েছে। এতে সমস্যা নেই, চোট থাকবেই। আমরা প্রস্তুত। মেয়েদের সবকিছু
বুঝিয়ে দেওয়া হয়েছে—কীভাবে খেলতে হবে। ভিডিও বিশ্লেষণ সেশনে চূড়ান্ত
কৌশল নির্ধারণ করা হয়েছে। সবার দোয়া চাই, যাতে দেশকে ভালো কিছু এনে দিতে পারি।’
নারী
কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসরে স্বাগতিক বাংলাদেশের মুখোমুখি হওয়ার আগে আত্মবিশ্বাস
বাড়িয়ে নেওয়া জয় পেয়েছে থাইল্যান্ড। নিজেদের তৃতীয় ম্যাচে জার্মানিকে উড়িয়ে দিয়েছে
তারা। গতকাল শুক্রবার প্রতিযোগিতার ১৯তম ম্যাচে জার্মানিকে ৫১-২৬ পয়েন্টে হারায় থাইল্যান্ড।
শুরু
থেকে জার্মানিকে ব্যাকফুটে ঠেলে দেয় দেশটি। চার মিনিটের মধ্যে একবার এবং সাত মিনিটের
মধ্যে দ্বিতীয়াবার জার্মানিকে অল আউট করে দেয় তারা। দশম মিনিটে জার্মানিকে তৃতীয়বার
অল আউট করে ২৮-১ পয়েন্টে এগিয়ে যায় থাইল্যান্ড। ৩৩-৪ পয়েন্টে প্রথমার্ধ শেষ করে থাই
মেয়েরা।
দ্বিতীয়ার্ধে
কিছুটা প্রতিরোধ গড়তে পারে জার্মানি। কিন্তু থাইল্যান্ডকে আটকানোর জন্য তা যথেষ্ট ছিল
না মোটেও। ৫১-২৬ পয়েন্টের ব্যবধানে জয় তুলে নেয় থাইল্যান্ড।
এ
নিয়ে টানা দুই ম্যাচ জিতল থাইল্যান্ড। ভারতের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শুরু করা থাইল্যান্ড
নিজেদের দ্বিতীয় ম্যাচ হারিয়েছিল উগান্ডাকে। জার্মানিকে হারিয়ে জয়ের ধারা ধরে রাখল
তারা।
দিনের শুরুতে ১৮তম ম্যাচে চাইনিজ তাইপে ৭১-১৯ পয়েন্টে জাঞ্জিবারকে হারিয়েছে। প্রথমার্ধে দলটি ৩৯-৮ পয়েন্টে এগিয়ে ছিল।
আরকে/প্রবা