× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে সংশয়!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ২২:৫৮ পিএম

আপডেট : ১৯ নভেম্বর ২০২৫ ২২:৫৮ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপ নিয়ে সংশয়!

আগামী বছর জুন-জুলাইয়ে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। ফলে জুনের আগে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপ ফুটবল’ খ্যাত সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজন করা সম্ভব নয়। চলতি বছর এই আসরটি অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও শেষ মুহূর্তে ২০২৬ সাল পর্যন্ত স্থগিত হয়েছে। তবে আগামী বছরও সাফ আয়োজনে রয়েছে বিভিন্ন সংকট। 

জুনের পর ফিফা উইন্ডো রয়েছে ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর। সাফ সেই সময় টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনা করছে। সাফের সাধারণ সম্পাদক পুরুষোত্তম ক্যাটেল বলেন, ‘সাফের নির্বাহী সভায় আগামী বছরের সূচি নিয়ে আলোচনা হয়েছে। হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে সাফ হওয়ার কথা থাকলেও কেন্দ্রীয় ভেন্যুতে আয়োজনের পরিকল্পনাও রয়েছে। কেন্দ্রীয় ভেন্যুতে হলে সেপ্টেম্বর-অক্টোবর মিলিয়ে ১৬ দিনের বড় ফিফা স্লট রয়েছে। আর হোম অ্যান্ড অ্যাওয়ে পদ্ধতিতে হলে আগস্টে গ্রুপ পর্ব, সেপ্টেম্বর ফিফা উইন্ডোতে সেমিফাইনাল-ফাইনাল।’

আনুষ্ঠানিক সিদ্ধান্ত না হলেও সাফ হোম অ্যান্ড অ্যাওয়ে ফরম্যাট থেকে সরে আসছে। সাফের মার্কেটিং পার্টনার স্পোর্টস ফাইভ পৃষ্ঠপোষকতায় আগ্রহী নয়। কারণ হিসেবে তারা মার্কেট মন্দাকে সামনে এনেছে। গতকালের নির্বাহী সভায় এনিয়ে আলোচনা হয়েছে। কিছু দিনের মধ্যে দুই পক্ষের আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই সাফ আলাদা স্পন্সর নিয়ে একটি দেশে টুর্নামেন্ট করতে চায়। 

পৃষ্ঠপোষকতার পাশাপাশি বড় সংকট সূচিতেও। আগামী বছর ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর এশিয়ান গেমস। সেখানে দক্ষিণ এশিয়ার সকল দেশই ফুটবলে অংশগ্রহণ করে। গেমসে অ-২৩ ফুটবলারদের পাশাপাশি তিন জন সিনিয়র ফুটবলার খেলতে পারেন। জাতীয় দলের অনেক ফুটবলারই গেমসে অংশগ্রহণ করবেন। ফলে সেপ্টেম্বর-অক্টোবর উইন্ডোতে সাফ আয়োজন করা অসম্ভবই। 

বাফুফের সাবেক সভাপতি কাজী সালাউদ্দিন সাফের প্রধান। তিনি আগামী বছর সাফ আয়োজন করতে চানই, ‘এই বছর হয়নি, আগামী বছর করতেই হবে। বাস্তবিকভাবে বিশ্বকাপের আগে করা সম্ভব নয়। বিশ্বকাপের পর সুবিধাজনক সময় এটা করতে হবে। স্পন্সরের চেয়ে সময় মেলানোটাই বড় চ্যালেঞ্জ।’

২০২৬ সালে সেপ্টেম্বরের পর ফিফা উইন্ডো রয়েছে ৯-১৭ নভেম্বর। ৯ দিনে টুর্নামেন্ট শুরু করে শেষ করা কঠিন। এরপরও সাফ ফিফা উইন্ডোর বাইরে ২-৩ দিন অতিরিক্ত সময় নিয়ে খেলা আয়োজনের পরিকল্পনা করছে। আগামী বছর এছাড়া সাফ আয়োজনের আর স্লট সেভাবে নেই। 

আগামী বছর সাফ চ্যাম্পিয়নশিপ আয়োজনে নানাবিধ সংকট থাকলেও সম্ভাবনা শেষ হয়নি। তবে সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ নিয়ে তেমন আশা দেখছেন না সভাপতি কাজী সালাউদ্দিন, ‘বাংলাদেশ, ভুটান ছাড়া অন্য দেশে ক্লাব লিগ হচ্ছে না। ওই দেশগুলোর লিগ না হলে ক্লাব টুর্নামেন্ট আয়োজন করা কঠিন।

আরকে/প্রবা 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা