প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৫ ১৬:৪০ পিএম
আপডেট : ১৯ নভেম্বর ২০২৫ ১৮:২২ পিএম
ছবি: সংগৃহীত
প্রথম বাংলাদেশি ও নিজের টেস্ট ক্যারিয়ারের শততম ম্যাচ খেলতে নেমেছেন মুশফিকুর রহিম। আর এই ঐতিহাসিক ম্যাচে সেঞ্চুরি থেকে ১ রান দূরে দাঁড়িয়ে আছেন মি. ডিপেন্ডেবল। মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের ২য় টেস্টের ১ম দিনের নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার আগে ৯৯ রানে অপরাজিত আছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ১ম দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ২৯২ রানে। মুশফিকের সাথে ৪৭ রানে অপরাজিত আছেন লিটন দাস। কাল ১ রান করলেই বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে নিজের শততম টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়বেন মুশফিক।
এদিন টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেন টাইগার কাপ্তান নাজমুল হোসেন শান্ত। ম্যাচ শুরুর আগেই মুশফিকুর রহিমকে বিশেষ সম্মাননা প্রদান করেন বাংলাদেশ ক্রিকেট সংশ্লিষ্টরা। গ্যালারি মুখরিত হয় মুশফিক মুশফিক ধ্বনিতে। পরিবারের লোকদের উপস্থিতিতে আবেগঘন হয়ে পড়েন মুশফিক। ধন্যবাদ জানান ভক্তÑসমর্থকদের।
রৌদ্রজ্জল দিনের ১ম ঘন্টাটা খুব দেখেশুনেই পার করে দুই টাইগার ওপেনার সাদমান আর জয়। তবে দুজনই সেট হয়ে ইনিংস বড় করতে পারেননি; হাফসেঞ্চুরির আগেই ফিরতে হয়েছে দুজনকেই। দলীয় ৫২ রানে প্রথম উইকেটের দেখা পায় আইরিশরা। ম্যাকব্রাইনের দারুণ বলে সাদমান ৩৫ রানে এলবিডব্লিউ হন। আম্পায়ারের না দেওয়া সিদ্ধান্ত রিভিউতে পরিবর্তন এনে সফল হন আইরিশ অধিনায়ক অ্যান্ড্রু বালবার্নি।
এরপর জয় দীর্ঘক্ষণ ধরে ধরে খেললেও বাউন্ডারি না পাওয়ায় চাপ বাড়তে থাকে। চাপ কাটাতে ম্যাকব্রাইনকে বড় শট খেলতে গিয়ে মিড-অফে ক্যাচ দেন বদলি ফিল্ডার ম্যাককার্থির হাতে। ফেরার আগে ৩৪ রান করে যান এই ডানহাতি ওপেনার।
চারে নেমে ব্যর্থ হন নাজমুল হোসেন শান্তও। দুই ওপেনার ফেরার পর ৮৮ বলে কোনো বাউন্ডারি না পাওয়ায় দল বাড়তি চাপে পড়েছিল। সেই বিরতি ভেঙে শান্ত ম্যাকব্রাইনের বলে লং অন দিয়ে ছক্কা হাঁকান। তবে পরের বলেই অফ স্টাম্পে টার্ন করা ডেলিভারিতে বোল্ড হয়ে ফিরে যান তিনি। বাংলাদেশ তৃতীয় উইকেট হারায় ৯৫ রানে।
পরে অভিজ্ঞ দুই ব্যাটার মুশফিকুর রহিম ও মুমিনুল হক ইনিংস সামাল দেন। চতুর্থ উইকেট জুটিতে দুজন যোগ করেন গুরুত্বপূর্ণ ১০৭ রান। ১২৮ বলে ৬৩ রান করে আউট হন মুমিনুল।
দিনের শেষ সেশনটি কাটান মুশফিক ও লিটন দাস। দুজনের নিয়ন্ত্রিত ও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দিকে নিয়ে আসতে থাকে বাংলাদেশ। দিনের শেষে মুশফিক সেঞ্চুরি থেকে মাত্র ১ রান দূরে, আর লিটনও হাফসেঞ্চুরি করতে চাইছেন আর মাত্র ৩ রান। আইরিশদের হয়ে চারটি উইকেটই নেন অ্যান্ডি ম্যাকব্রাইন।
কাল (২০ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় শুরু হবে দ্বিতীয় দিনের খেলা। সেই খেলার প্রথম বলটিই মোকাবেলা করবেন মুশফিক। হয়তো সেই বল থেকেই পেয়ে যেতে পারেন স্মরণীয় ম্যাচে সেঞ্চুরির দেখা!