নারী কাবাডি বিশ্বকাপ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৫ ২১:৪৪ পিএম
আপডেট : ১৫ নভেম্বর ২০২৫ ২২:২৫ পিএম
নারী কাবাডি বিশ্বকাপের আদ্যোপান্ত জানাচ্ছেন কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এস এম নেওয়াজ সোহাগ (মাঝে)। প্রবা ফটো
ঢাকার মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে ১৭-২৪ নভেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে নারী কাবাডি বিশ্বকাপের দ্বিতীয় আসর। বাংলাদেশের কাবাডি ইতিহাসে এটি নিঃসন্দেহে এক ঐতিহাসিক মুহূর্ত। কারণ ১০ কোটি ৪৪ লাখ টাকার বিশাল বাজেট নিয়ে দেশে প্রথমবারের মতো আয়োজিত হচ্ছে কাবাডির যেকোনো পর্যায়ের বিশ্বকাপ। এ উপলক্ষে শনিবার (১৫ নভেম্বর) পল্টনের জাতীয় কাবাডি স্টেডিয়ামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এবারের আসরে অংশ নিচ্ছে ১১ দেশ। দেশগুলো হলো- বাংলাদেশ, ভারত, চাইনিজ তাইপে, জার্মানি, ইরান, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার।
বিশ্বকাপ উপলক্ষে দুজনকে স্ট্যান্ডবাই রেখে ২১ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করা হয়েছে। কিন্ত দল ঘোষণার সময় অধিনায়ক-কোচ কেউই উপস্থিত ছিলেন না! তাই মিডিয়া সরাসরি প্রস্তুতি ও লক্ষ্য নিয়ে কিছুই জানতে পারেনি। রবিবার (১৬ নভেম্বর) টুর্নামেন্টের ট্রফি উন্মোচন। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের উপস্থিতিতে বিকালে যমুনায় ১১ দলের অধিনায়কদের সঙ্গে নিয়ে ট্রফি উন্মোচন হবে।
বিশ্বকাপ সামনে রেখে বাংলাদেশ নারী দলের প্রস্তুতি ক্যাম্প হয়েছে সাভারের বিকেএসপিতে। স্বাগতিক হিসেবে এতে সেরা তিনে থাকার আশা বাংলাদেশের। ১৩ বছর আগে প্রথম নারী বিশ্বকাপে বাংলাদেশ হয়েছিল ৫ম। বিশ্বকাপ সফল করতে বাংলাদেশ সরকারের সহযোগিতায় সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। খেলোয়াড়দের নিরাপত্তা, আবাসন, যাতায়াত ও ভেন্যু ব্যবস্থাপনাসহ প্রতিটি ক্ষেত্রে বাংলাদেশ প্রস্তুত।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক এসএম নেওয়াজ সোহাগ বলেন, নারীদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশ বর্তমানে পঞ্চম স্থানে আছে। এই বিশ্বকাপ দিয়ে র্যাঙ্কিংয়ে উন্নতি করা সম্ভব, সামনে সে সুযোগ রয়েছে। দলের কাছে আমাদের মূল প্রত্যাশাও এটা। তিনি আরও বলেন, এই প্রথম বাংলাদেশ নারী কাবাডি বিশ্বকাপ আয়োজন করছে। আয়োজক হিসেবে আমাদের প্রত্যাশা সফলভাবে আয়োজন সম্পন্ন করা। এখানে বিভিন্ন দেশের কোচ, খেলোয়াড়, কর্মকর্তা, রেফারিসহ আরও অনেকে আসবেন। আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পারলে কাবাডি বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল হবে।
বিশ্বকাপের মতো আসরে আম্পায়ারিংয়ের নিরপেক্ষতা নিয়ে সাধারণ সম্পাদক বলেন, আমাদের দেশের ১২ জনসহ আন্তর্জাতিক আম্পায়ার থাকবেন কয়েকজন। ভারতের আম্পায়ারিংয়ের মান ভালো, সেখান থেকেও বেশ কয়েকজন আম্পায়ার আসছেন। তবে অভিযোগ রয়েছে, আন্তর্জাতিক মানের রেফারি থাকা সত্বেও নেওয়াজ সোহাগ তার পছন্দের কম অভিজ্ঞতাপূর্ণ রেফারিদের বিশ্বকাপে যুক্ত করেছেন!
আর্জেন্টিনা শেষ মুহূর্তে আসবে না বলে জানায়।
বাংলাদেশ স্কোয়াড : শ্রাবণী মল্লিক, বৃষ্টি বিশ্বাস, রূপালী আক্তার সিনিয়র, স্মৃতি আক্তার, রেখা আক্তারী, মেবি চাকমা, রূপালী আক্তার, আঞ্জুয়ারা রাত্রি, সুচরিতা চাকমা, খাদিজা খাতুন, লোবা আক্তার, ইয়াসমিন খানম, ইসরাত জাহান সাদিকা ও তাহরিম। স্ট্যান্ডবাই খেলোয়াড় : আফরোজা ও লুম্বিনী চাকমা। কোচ : শাহনাজ পারভীন মালেকা ও আরদুজ্জামান মুন্সি। মেন্টর : বাদশা মিয়া। ম্যানেজার: আসাদুজ্জামান শাহীন। ফিটনেস কোচ : সুজিত।