পাবনা সংবাদদাতা
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২২ ২০:০৫ পিএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২২ ২০:৪৭ পিএম
ফুটবল বিশ্বকাপের ফাইনাল উপলক্ষে পাবনা শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে আর্জেন্টিনার সমর্থকরা।
রোববার (১৮ ডিসেম্বর ) বিকালে পাবনার সরকারি এডওয়ার্ড কলেজ ক্যাম্পাস থেকে শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে এসে শেষ হয়।
শোভাযাত্রায় মোটরসাইকেল, প্রাইভেটকার, ইজিবাইক ও হাতি নিয়ে অংশগ্রহণ করেন মেসি ভক্তরা। হাতিকে আর্জেন্টিনার আকাশি-সাদা রঙে সাজিয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া হয়।
সঙ্গে খেলোয়াড়ের জার্সি পরে উল্লাস প্রকাশ করেন সমর্থকরা। শোভাযাত্রা চলাকালে নেচে-গেয়ে বাঁশি ও ভুভুজেলা বাজিয়ে চারপাশে উন্মাদনা ছড়িয়ে দেন তারা। আর্জেন্টিনা, আর্জেন্টিনা, মেসি, মেসি- ইত্যাদি স্লোগানে মুখর করে তোলে গোটা শহর।
এসময় রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা উৎসুক জনতাও হাত নেড়ে আর্জেন্টিনা দলের সমর্থকদের শুভেচ্ছা জানান।
সমর্থকদের আশা এবারের বিশ্বকাপ প্রিয় দল আর্জেন্টিনার ঘরেই যাবে। প্রিয় খেলোয়াড় মেসির হাতেই শোভা পাবে বিশ্বকাপের ট্রফি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও শোভাযাত্রার অন্যতম আয়োজক লাদিব সুনাম বলেন, ‘২০১৪ সালে ফাইনালে উঠেছিলাম, গতবারও ভালো খেলে বাদ পড়েছে। আর এবার ফাইনালে। এতে আমরা আনন্দিত। মেসির শেষ বিশ্বকাপ নিয়ে আমরা অনেক আশাবাদী। তাই ফাইনাল ঘিরে আমরা আমাদের ফ্যান এবং সমর্থকদের উজ্জীবিত করতে এ শোভাযাত্রার আয়োজন করেছি। ফাইনালে জিতে মেসিবাহিনী শিরোপা নেবে।’