পর্দা নামল এশিয়ান আরচারির
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৪ নভেম্বর ২০২৫ ১৯:২১ পিএম
ঢাকার বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শেষ হয়েছে তীর এশিয়ান আরচারি চ্যাম্পিয়শিপ। শুক্রবার (১৪ নভেম্বর) পুরস্কার বিতরণীর মাধ্যমে শেষ হয় এ আয়োজন। এবারের আসরে কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রৌপ্য এবং কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জেতায় তিন তিন আরচারের প্রত্যেককে ১০ লাখ করে টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার।
যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া শুক্রবার পুরস্কার বিতরণী শেষে এ ঘোষণা দেন।
উপদেষ্টা যখন এমন ঘোষণা দিচ্ছেন ততক্ষণে টিম হোটেলে পৌঁছে গেছেন আরচাররা। সেখান থেকেই এমন সুসংবাদ পেয়ে উচ্ছ্বসিত বন্যা আক্তার। অন্য আরচ্যারদের পক্ষ থেকে তিনি বলেন, সত্যি যদি এমন ঘোষণা দিয়ে থাকেন ক্রীড়া উপদেষ্টা, তাহলে এর চেয়ে খুশির খবর আর কিছু নেই। এতে আরচারিতে আমাদের আগ্রহ আরও বাড়বে। আমরা আরও বেশি মনোযোগী হতে পারব এই খেলায়।
শুধু তাই নয়, অনেকেই হয়তো আরচারি ছেড়ে বিদেশে চলে যান, সেক্ষেত্রে এসব সম্ভাবনাও কমে আসবে। সবমিলিয়ে খুবই খুশি এমন একটা আর্থিক পুরস্কারের ঘোষণার কথা শুনে, যোগ করেন তিনি।
৩০ দেশের আরচার নিয়ে গত ৮ নভেম্বর থেকে ঢাকা জাতীয় স্টেডিয়ামে শুরু হয় তীর এশিয়ান আরচারি চ্যাম্পিয়শিপ। এবার ভারত, দক্ষিণ কোরিয়ার সঙ্গে লড়াই করে দুই ইভেন্টে দুটি পদক জিতেছে বাংলাদেশ। কম্পাউন্ড মিশ্র দলগত ইভেন্টে রৌপ্য জিতেছেন হিমু বাছাড় ও বন্যা আক্তার। আর কম্পাউন্ড নারী এককে ব্রোঞ্জ জিতেছেন কুলসুম আক্তার মনি।
প্রতিযোগিতায় ব্যক্তিগত ও দলীয় ইভেন্টে ৬টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ মিলিয়ে ১০টি পদক জিতে সেরা হয়েছে ভারত। দক্ষিণ কোরিয়া পেয়েছে ২টি স্বর্ণ, ৪টি করে রৌপ্য ও ব্রোঞ্জ। প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ একটি করে রৌপ্য ও ব্রোঞ্জপদক পেয়েছে।