হকি বিশ্বকাপ বাছাই প্লে-অফ
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫ ১৯:৪৪ পিএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫ ২০:২৬ পিএম
বাংলাদেশের জালে পাকিস্তানের গোল। প্রবা ফটো
ভারতে গিয়ে খেলতে হবে বলে এশিয়া কাপ হকিতে অংশ নেয়নি পাকিস্তান। ওই আসরে ষষ্ঠ হলেও এখন বিশ্বকাপ বাছাইয়ে খেলার জন্য প্লে-অফ ম্যাচে টার্ফে নামতে হবে বাংলাদেশকে। কারণ আন্তর্জাতিক হকি ফেডারেশনের (এফআইএইচ) নতুন নিয়ম অনুযায়ী ওই টুর্নামেন্টে না খেললেও স্পষ্টতই বিশ্ব হকিতে ফেভারিট পাকিস্তান। তাই এশিয়া কাপে ষষ্ঠ স্থান অর্জন করা বাংলাদেশকে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ভিন্ন একটি লড়াই করতে হয়েছে পাকিস্তানের সঙ্গে। যেখানে থাকবে তিনটি ম্যাচ।
যার প্রথমটি অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। হকিতে বাংলাদেশ কখনও পাকিস্তানকে হারাতে পারেনি। এবারও তাই। ঢাকার মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে স্বাগতিক বাংলাদেশকে পাত্তাই দেয়নি পাকিস্তান। রীতিমতো গোলবন্যায় ভাসিয়ে ৮-২ গোলে জিতেছে তারা।
প্রতিপক্ষ পাকিস্তান বেশ শক্তিশালী। বৈশ্বিক র্যাঙ্কিংয়ে বিশ্বকাপের রেকর্ড চারবারের চ্যাম্পিয়ন পাকিস্তানের (১৪তম) চেয়ে অনেক পিছিয়ে বাংলাদেশ (২৯তম)। সবশেষ পাঁচ ম্যাচের পরিসংখ্যানেও দুই দলের শক্তি, সামর্থ্যর পার্থক্য স্পষ্ট। সবগুলোই হেরেছে বাংলাদেশ। এর মধ্যে সবচেয়ে বড় ব্যবধানের হার ২০২২ সালে জাকার্তার হিরো এশিয়া কাপে, ৮-০ ব্যবধানে! আজকের ম্যাচে ব্যবধানটা কিঞ্চিৎ কমেছে, এই যা!
শুরুতে গোল হজমের পর দ্রুত তা শোধ করে বাংলাদেশ। মনে হয়েছিল পাকিস্তানের সঙ্গে সেয়ানে সেয়ানে লড়াই করবে স্বাগতিকরা। বাস্তবে তা হয়নি। সময়ের সঙ্গে সঙ্গে পাকিস্তান দাপট দেখানো শুরু করে। বাংলাদেশের খেলোয়াড়রা হয়ে পড়েন অসহায়। ম্যাচটিও হয়েছে একপেশে।
ম্যাচের ৪ মিনিটে প্রতিপক্ষের স্টিকের আঘাতে মাথায় মারাত্নক চোট পান রোমান সরকার। রোমানের মাথা কেটে টার্ফে ছড়িয়ে পড়ে রক্ত। স্ট্রেচারে তুলে মাঠের বাইরে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়। ডিফেন্ডার হিসেবে দলের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ খেলোয়াড় ছিলেন রোমান। তার বিদায়ে রক্ষণভাগে যে ফাটল ধরে, পরে তা আর মেরামত করতে না পেরে ‘হালি দুয়েক’ গোল হজম করে খেসারত দেয় বাংলাদেশ!
রোমানের মাথা ফাটার মুহূর্তে ওমানি আম্পাায়ার শুকাইলি মাজিন পেনাল্টি স্ট্রোকের নির্দেশ দেন। আহমদ বাট তা থেকে লক্ষ্যভেদ করেন (১-০)। প্রথম কোয়ার্টারের শেষ মিনিটে চমৎকার এক রিভার্স হিটে বাংলাদেশকে সমতায় ফেরান হোজাইফা হোসেন (১-১)। বাকি সময়টা আধিপত্য বিস্তার করে খেলতে থাকে সফরকারী দল। প্রথম দুই অর্ধে তারা এগিয়ে থাকে ৫-১ গোলে। এর মাঝে তারা ছয়টি পিসি আদায় করে একটি গোল করে। বাকি সবগুলো ফিল্ড গোল। দ্বিতীয়ার্ধে কিছুটা আলো ছড়ায় স্বাগতিক হকি যোদ্ধারা। প্রথমার্ধে কোনো পিসি না পেলেও তৃতীয় এবং চতুর্থ কোয়ার্টারে আদায় করে নেয় ৫টি পিসি। ম্যাচে একেবারে শেষ মুহুর্তে চতুর্থ পিসি থেকে আমিরুল ইসলাম দলকে দ্বিতীয় গোল এনে দেন। তার আগে আরও তিন গোল করে পাকিস্তান। পাকিস্তানের হয়ে আরফাজ, নাদিম ২টি করে গোল করেন। একটি করে গোল করেন আম্মাদ ভাট, গজনফার, শহীদ হান্নান ও রানা ওয়াহিদ।
শেষে ৮-২ গোলের হার নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ। ম্যাচ শেষে স্বাগতিক দলের অধিনায়ক রেজাউল করিম বলেন, রোমান দলের সবচেয়ে সিনিয়র খেলোয়াড়। অল্প সময়ের মধ্যে সে মাঠ ছাড়ায় খেলায় অবশ্যই প্রভাব পড়েছে। আমরা পেনাল্টি কর্নারগুলো ঠিকমতো কাজে লাগাতে পারিনি, আবার কিছু ভুলও করেছি। এতে ফলাফলের ব্যবধান বেশি হয়েছে।