× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ

সকালে আশা, বিকেলে হতাশা বাংলাদেশের!

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ নভেম্বর ২০২৫ ২২:১৪ পিএম

নারী কম্পাউন্ড দলগত বিভাগে ব্রোঞ্জজয়ী ইরানি তিন তীরন্দাজ। ছবি: সংগৃহীত

নারী কম্পাউন্ড দলগত বিভাগে ব্রোঞ্জজয়ী ইরানি তিন তীরন্দাজ। ছবি: সংগৃহীত

তীর এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপে সোমবার (১০ নভেম্বর) দ্বিতীয় সেশন ভালো কাটেনি বাংলাদেশের। কম্পাউন্ড নারী দলগত বিভাগে ব্রোঞ্জ পাওয়ার আশা থাকলেও শেষ দিকে ছন্দ হারিয়ে পারেনি দল। রোমাঞ্চকর লড়াইয়ের পর ইরানের কাছে ২২৭-২২৪ পয়েন্টে হেরেছে বাংলাদেশ। দলের হয়ে খেলেন বন্যা আক্তার, কুলসুম আক্তার ও পুষ্পিতা জামান।

অথচ এই বিভাগে শুরুটা ভালো ছিল বাংলাদেশের। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে কাজাখস্তানকে ২৩০-২২৬ স্কোরে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল দল। সেমিতে ভারতের কাছে ২৩৪-২২৭ স্কোরে হেরে যায় বন্যা আক্তার, কুলসুম আক্তার ও পষ্পিতা জামানকে নিয়ে গড়া বাংলাদেশ দল। সেমিফাইনালের হারে ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে ইরানের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ।

ইরানের বিপক্ষে লক্ষ্যপূরণ না হওয়ায় হতাশ বন্যা আক্তার বলেন, ‘আমরা শুরুটা ভালো করলে ম্যাচটা জিততে পারতাম। ইরানের সঙ্গে এই মাঠেই টিম খেলেছিল। ওই ম্যাচে আমি ছিলাম না। তবে হেরেছিলাম। এবার জিততে হবে, এমন লক্ষ্য স্থির করেছিলাম। বাতাস ছিল, কিন্তু তেমন প্রভাব পড়েনি। চাপ ছিল না । টিমমেটদেরও বলেছিলাম মেডেল নেব। কিন্তু হয়নি। সিনিয়র হিসেবে খেলছি। আমার দায়িত্ব আছে। টিমমেটরাও যেন ভালো করে। ওদের সাপোর্ট দিতে হবে। সবাই যেন স্নায়ুর চাপে ভেঙে না পড়ে সে সমর্থনটুকু দিতে হবে। এশিয়া কাপে এই ইভেন্টে এর আগে ফাইনালে উঠেছিলাম। আজ ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে হেরেছি। পরের ম্যাচে লক্ষ্য থাকবে কি কারণে হেরেছি সেই ভুল করব না। আজকে আমাদের দুর্বল পয়েন্ট ছিল-শুরু ভালো হয়নি। ব্যক্তিগত এককেও সেরাটা দিতে চাই। সেটা দিতে পারলে পদক জিতব আশা করি।’

চলতি আসরে নিজেদের প্রথম পদক পেল ইরান। কম্পাউন্ড নারী বিভাগের ফাইনালে আগামী বৃহস্পতিবার মুখোমুখি হবে ভারত ও দক্ষিণ কোরিয়া।

রিকার্ভ পুরুষ দলগত বিভাগে শুরুটা ভালো হলেও পরে ছন্দ ধরে রাখতে পারেনি সাগর ইসলাম, রাকিব মিয়া ও রামকৃষ্ণ সাহাকে নিয়ে গড়া বাংলাদেশ দল। এলিমিনেশন রাউন্ডের প্রথম ধাপে ভিয়েতনামকে ৬-০ সেট পয়েন্টে উড়িয়ে দেয় বাংলাদেশ। কিন্তু সেমিতে ওঠার লড়াইয়ে দল ৫-৩ সেট পয়েন্টে দক্ষিণ কোরিয়ার কাছে হেরে যায় বাংলাদেশ।

রিকার্ভ পুরুষ দলগত বিভাগের ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে কাজাখস্তানকে ৫-৩ সেট পয়েন্টে হারিয়েছে উজবেকিস্তান। ফলে এই আসরের প্রথম পদকটি পেল তারা। এই ইভেন্টের স্বর্ণপদকের লড়াইয়ে আগামী শুক্রবার মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া ও ভারত।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা