প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০১ নভেম্বর ২০২৫ ১৯:২২ পিএম
মুন্সীগঞ্জের ধলেশ্বরী নদীতে '২১তম জাতীয় দূরপাল্লা সাঁতার প্রতিযোগিতা ২০২৫' অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় নারায়ণগঞ্জ জেলার বক্তাবলী লঞ্চঘাট থেকে শুরু হয়ে ধলেশ্বরী নদীর মুন্সীগঞ্জ লঞ্চ ঘাটে এসে শেষ হয়।
বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় এবং বাংলাদেশ নৌবাহিনীর পৃষ্ঠপোষকতায় এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি ও নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান।
প্রতিযোগিতায় বাছাইকৃত ৩৫ জন সাঁতারু অংশগ্রহণ করেন। যার মধ্যে পুরুষ বিভাগে ২৩ জন এবং মহিলা বিভাগে ১২ জন সাঁতারু ছিল।
পুরুষ বিভাগে প্রথম স্থান অর্জন করেন সেনাবাহিনীর মো. ফয়সাল আহমেদ, দ্বিতীয় স্থান অর্জন করেন নৌবাহিনীর পলাশ চৌধুরী, তৃতীয় স্থান অর্জন করেন সেনাবাহিনীর নুরুল ইসলাম, ৪র্থ স্থান অর্জন করেন মুন্সীগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার আশিকুর রহমান ও ৫ম স্থান অর্জন করেন নিকলী সুইমিং ক্লাবের মো. ইমরান।

মহিলা বিভাগে প্রথম স্থান করেন নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা, দ্বিতীয় স্থান অর্জন করেন সেনাবাহিনীর মুক্তি খাতুন, ৩য় স্থান অর্জন করেন নৌবাহিনীর রুপা খাতুন, ৪র্থ স্থান, অর্জন করেন সেনাবাহিনীর সালমা খাতুন এবং ৫ম স্থান অর্জন করেন গড়াই সুইমিং ক্লাবের সাদিয়া খাতুন।
মুন্সীগঞ্জ লঞ্চঘাট টার্মিনাল স্মরণীতে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারীদের হাতে ক্রেস্ট, সার্টিফিকেট ও আর্থিক পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। এ সময় আরও উপস্থিত ছিলেন- ঢাকা নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল আব্দুল্লাহ-আল-মাকসুস, বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত।
এছাড়া বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্যরা, নৌবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা প্রশাসনের কর্মকর্তারা, জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।