× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ- ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

টি-টোয়েন্টির বড় পরীক্ষায় টাইগাররা

শেখ সাদী

প্রকাশ : ২৫ অক্টোবর ২০২৫ ২১:০৩ পিএম

আপডেট : ২৫ অক্টোবর ২০২৫ ২১:০৪ পিএম

টি-টোয়েন্টির বড় পরীক্ষায় টাইগাররা

দেশের টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে প্রথমবার টানা চারটি সিরিজ জয়ের রেকর্ড গড়ে ক্রিকেট দুনিয়ায় হইচই ফেলেছে বাংলাদেশ! মাঝে এশিয়া কাপ টি-টোয়েন্টিতে ব্যর্থ হলেও সবশেষ আফগানিস্তানের মতো শক্তিশালী দলকে হোয়াইটওয়াশ করে টাইগাররা। এরপরই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে বাংলাদেশেকে নতুন ক্রিকেট পরাশক্তি বলা হচ্ছে! এবার বাংলাদেশের প্রতিপক্ষ সাবেক বিশ্বচ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টির সাবেক এই বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে আসল পরীক্ষায় মাঠে নামবে বাংলাদেশ।

 যে পরীক্ষা মোটেও সহজ হবে না বলে মনে করছেন বিসিবি ক্রিকেট অপারেশন্স কমিটির প্রধান নাজমুল আবেদিন ফাহিম। মিরপুরে স্পিন স্বর্গে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ের পর টি-টোয়েন্টি সিরিজ নিয়ে জানতে চাইলে প্রবা প্রতিবেদককে বিসিবির এই পরিচালক বলেন, ঢাকায় ওয়ানডে সিরিজ জিতলেও ক্যারিবিয়ানদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জেতা এত সহজ হবে না। তাদের বেশিরভাগ খেলোয়াড় সারা দুনিয়ায় টি-টোয়েন্টি ক্রিকেট খেলে বেড়ায়! এই ফর্মেটে ওয়েস্ট ইন্ডিজ বিশ্বের অন্যতম সেরা দলের একটি। বাংলাদেশের জন্য এই সিরিজ সত্যিই চ্যালেঞ্জ হবে।

 

টি- টোয়েন্টিতে প্রথমবার বাংলাদেশ টানা চার সিরিজ জয়ের রেকর্ড গড়েছে। এই সিরিজ জয় নিয়ে জানতে চাইলে তিনি বলেন, গত চারটি সিরিজ জিতেছি যাদের বিপক্ষে তাদের চেয়ে কিন্তু ওয়েস্ট ইন্ডিজ ভিন্ন দল। যেকোনো সময় যেকোনো দলকে হারাতে পারে। আর তাদের অভিজ্ঞতা আমাদের সবার চেয়ে বেশি।

 

দুই দলের ওয়ানডে সিরিজে সবচেয়ে বেশি আলোচনায় ছিল মিরপুরের কালো উইকেট। তবে চট্টগ্রামের উইকেট দেখলে চোখ জুড়িয়ে যাচ্ছে! উইকেট দেখে দারুণ খুশি ক্যারিবিয়ান কোচ ড্যারেন স্যামি। অনুশীলনের ফাঁকে তিনি বলেন, এই উইকেট ২০০-২২০ রান হবে। আবার কেউ কেউ বলেছেন চট্টগ্রামের উইকেট টেক্কা দিবে দুনিয়ার সেরা উইকেটকে!

 

  টি-টোয়েন্টিতে চট্টগ্রামে কেমন রান হবে এমন প্রশ্নে বিসিবির এই পরিচালক বলেন, এখানে সব সময় রান হয়। চট্টগ্রামের উইকেট নিয়ে কোনো সমস্যা নেই। আশা করছি, দুই দলের ব্যাটাররা এ উইকেটে রান পাবে। এখন পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৯টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ। তার মধ্যে বাংলাদেশের জয় ৮ আর ওয়েস্ট ইন্ডিজ জিতেছে ৯ ম্যাচে।

 

এই সিরিজের আগে টানা চার সিরিজ জিতলেও বাংলাদেশের ভাবনার নাম ব্যাটিং। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জয়ের আগে এশিয়া কাপ টি-টোয়েন্টি রীতিমতো হতাশ করেছে ব্যাটাররা। সেখানে ওপেনার সাইফ হাসান, তানজিদ হাসান তামিম ও তাওহিদ হৃদয় ছাড়া বেশিরভাগ ব্যাটার ব্যর্থ হয়েছে। তাই বোলিংয়ের চেয়ে ব্যাটিং নিয়েই দুশ্চিন্তায় স্বাগতিকরা।

 

এদিকে ঢাকায় ওয়ানডে সিরিজ হারের পর টি-টোয়েন্টিতে স্পিন শক্তি বাড়িয়েছে উইন্ডিজ। তবে টি-টোয়েন্টি সিরিজে চট্টগ্রামের উইকেট নিশ্চিতভাবেই মিরপুরের মতো এতটা স্পিন সহায়ক হবে না। তবে সেখানেও স্পিনারদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বলেই ধরে নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডের মতো টি-টোয়েন্টির জন্য আরও একজন স্পিনার দলে যোগ করেছে ক্যারিবিয়ানরা।

 

চোটের কারণে ছিটকে পড়া পেসার শামার জোসেফের পরিবর্তে কোনো পেসারকে নেয়নি ওয়েস্ট ইন্ডিজ। বরং বদলি হিসেবে সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার খ্যারি পিয়ের। মিরপুরে ওয়ানডে সিরিজের তিন ম্যাচেই খেলেছেন ৩৪ বছর বয়সি স্পিনার। প্রথম ম্যাচে একটি উইকেট নেওয়ার পর অন্য দুই ম্যাচে আর কোনো উইকেট তিনি পাননি। তাকেই দলের সঙ্গে রেখে দেওয়া হচ্ছে টি-টোয়েন্টির জন্য।

 

পিয়েরকে নিয়ে ওয়েস্ট ইন্ডিজের টি-টোয়েন্টি স্কোয়াডে বাঁহাতি স্পিনার থাকছে তিনজন। আকিল হোসেন ও গুডাকেশ মোটি আছেন আগে থেকেই। এই তিন বাঁহাতি স্পিনার খেলেছেন ওয়ানডেতেও। আকিল যদিও শুরুতে ওয়ানডে দলে ছিলেন না। পরে চোট পাওয়া দুই পেসার শামার জোসেফ ও জেডিয়াহ ব্লেডসের বদলে পেসার র‌্যামন সিমন্ডস ও স্পিনার আকিলকে যোগ করা হয়। টি-টোয়েন্টি সিরিজের আগে গতকাল অনুশীলন করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল। সিরিজের ম্যাচ তিনটি হবে আগামীকাল সোমবার, বুধবার ও শুক্রবার।

 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা