× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উয়েফা চ্যাম্পিয়নস লিগ

আজ মুখোমুখি রিয়াল-জুভেন্টাস

মাছুম বিল্লাহ

প্রকাশ : ২২ অক্টোবর ২০২৫ ১০:১৩ এএম

চলতি মৌসুমে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচর আগে সিউদাদ রিয়াল মাদ্রিদে অনুশীলনে এমবাপে। ছবি: সংগৃহীত

চলতি মৌসুমে জুভেন্টাসের বিপক্ষে ম্যাচর আগে সিউদাদ রিয়াল মাদ্রিদে অনুশীলনে এমবাপে। ছবি: সংগৃহীত

উয়েফা চ্যাম্পিয়নস লিগে আজ মুখোমুখি হবে ইউরোপিয়ান ফুটবলের দুই চিরচেনা শক্তি লা লিগার জায়ান্ট রিয়াল মাদ্রিদ এবং ইতালিয়ান ক্লাব জুভেন্টাস। স্পেনের রাজধানী মাদ্রিদের ঐতিহাসিক সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচটি শুরু হবে রাত ১টায়। 

চ্যাম্পিয়নস লিগে এবারের যাত্রা শুরুতেই ছন্দে রয়েছে সাবি আলোনসোর রিয়াল মাদ্রিদ। প্রথম ম্যাচে মার্সেইর বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পাওয়ার পর, দ্বিতীয় ম্যাচে কাজাখস্তানের ক্লাব কায়রাত আলমাটিকে ৫-০ গোলে উড়িয়ে দেয় স্প্যানিশ জায়ান্টরা। ওই ম্যাচে হ্যাটট্রিক করেন ফরাসি সুপারস্টার কিলিয়ান এমবাপে। এখন পর্যন্ত আসরের শীর্ষ গোলদাতা এমবাপে। এই দুই জয়ে শীর্ষ আটে সরাসরি জায়গা পাওয়ার পথে ভালোভাবেই এগিয়ে গেছে লস ব্লাঙ্কোস।

নিজেদের শেষ ১৩টি ইউরোপিয়ান হোম ম্যাচের মধ্যে ১২টিতেই জয় পাওয়া রিয়াল আবার ফিরছে বার্নাব্যুতে। এই ম্যাচের আগে লা লিগায় গেটাফের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে তারা। ফলে শীর্ষস্থান ধরে রেখেছে আলোনসোর দল, বার্সেলোনার চেয়ে এগিয়ে রয়েছে দুই পয়েন্টে। সামনে এল ক্লাসিকো থাকলেও তার আগে রিয়ালের জন্য আরেকটি বড় চ্যালেঞ্জ নিয়ে আসছে জুভেন্টাস।

অন্যদিকে জুভেন্টাসের ইউরোপীয় মঞ্চে ফেরা কিছুটা অগোছালোই বলা চলে। গত মৌসুমে তারা চ্যাম্পিয়নস লিগের লিগ পর্ব শেষ করেছিল ২০তম স্থানে। পরে প্লে-অফে পিএসভি আইন্ডহোভেনের কাছে হেরে বিদায় নিতে হয় তাদের। এবারও খুব একটা ভালো অবস্থানে নেই তারা। প্রথম ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে শেষ মুহূর্তে দুই গোল করে ৪-৪ ড্র করে ম্যাচ বাঁচায় তারা। পরের ম্যাচে ভিয়ারিয়ালের মাঠে ইনজুরি টাইমে গোল খেয়ে ২-২ ড্র করে আবারও পয়েন্ট খোয়ায় তুরিনের দল।

টানা পাঁচ ড্র ও এক হার, শেষ ছয় ম্যাচের এই পরিসংখ্যান জুভেন্টাসের জন্য একেবারেই আশাব্যঞ্জক নয়। ইউরোপের বাইরে শেষ ১১টি অ্যাওয়ে ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পাওয়া দলটি এবার বার্নাব্যুতে এসেছে সিরি আ’তে নবাগত ক্লাব কমোর কাছে ২-০ গোলে হেরে।

দুই ক্লাবের সাম্প্রতিক পারফরম্যান্সের পাঁচ দেখায় তিনটিতে জয় পেয়েছে রিয়াল, আর দুটি জিতেছে জুভেন্টাস। সর্বশেষ মুখোমুখি হয়েছিল ক্লাব বিশ্বকাপে, যেখানে ১-০ গোলে জিতেছিল রিয়াল। তবে স্মরণীয় একটি দ্বৈরথ ছিল ২০১৮ চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনালে। প্রথম লেগে তুরিনে ৩-০ গোলে জিতেছিল রিয়াল, যেখানে জোড়া গোল করেছিলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। দ্বিতীয় লেগে নাটকীয়তা জুভেন্টাস ৩-০ গোলে এগিয়ে থেকে ম্যাচ সমতায় আনে। কিন্তু শেষ মুহূর্তে পেনাল্টি পায় রিয়াল। রোনালদোর সেই স্পট কিকেই ৪-৩ অ্যাগ্রিগেট ব্যবধানে সেমিফাইনালে উঠে যায় তারা। ওই মৌসুমের পরেই রোনালদো নিজেই যোগ দেন জুভেন্টাসে।

এই গুরুত্বপূর্ণ ম্যাচের আগে রিয়ালের স্কোয়াডে রয়েছে কিছু ইনজুরি সমস্যা। ডিফেন্ডার আন্তোনিও রুডিগার, দানি কারভাহাল এবং সাবেক জুভেন্টাস সেন্টারব্যাক ডিন হুইসেন চোটের কারণে অনুপস্থিত। ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড ও ফেরলান মেন্ডি অনুশীলনে ফিরলেও এল ক্লাসিকো সামনে রেখে তাদের বিশ্রামে রাখা হতে পারে। এ ছাড়া গত ম্যাচে ইনজুরিতে পড়া ডেভিড আলাবার খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা।

জুভেন্টাসের অবস্থাও খুব একটা ভালো নয়। ইনজুরির কারণে ডিফেন্ডার ব্রেমার ও ডিফেন্ডার জুয়ান কাবাল থাকছেন না। তবে মিডফিল্ডার ফাবিও মিরেত্তি ফিরেছেন অনুশীলনে এবং এডন জেগ্রোভাও বেঞ্চে থাকার মতো ফিট হয়েছেন।

দীর্ঘ সাত বছর পর চ্যাম্পিয়নস লিগে আবার মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল ও জুভেন্টাস। বর্তমান পারফরম্যান্সে এগিয়ে মাদ্রিদ, তবে ইতিহাসের পাতায়ও রিয়াল এগিয়ে। ১৫ বার চ্যাম্পিয়নস ট্রফি নিজেদের করে নেন রিয়াল তার বিপরীতে জুভেন্টস মাত্র দুবার, তাও তিন দশক আগে

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা