চ্যাম্পিয়নস লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৫ ২০:১৬ পিএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৫ ২০:৩৫ পিএম
আতোয়ান গ্রিজমান আতলেতিকো মাদ্রিদের হয়ে দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য গোল, ম্যাচ জেতানো পারফরম্যান্স ও চ্যাম্পিয়নস লিগ, লা লিগা ও ইউরোপিয়ান ফুটবলে অবদান রাখা এই ফরাসি ফরোয়ার্ড এবার স্পর্শ করলেন ২০০ গোলের রেকর্ড।
চ্যাম্পিয়নস লিগে আইনট্রাখট ফ্র্যাঙ্কফুর্টের বিপক্ষে ৫-১ গোলের জয়ে দলের তৃতীয় গোলটি করে ক্লাবটির হয়ে নিজের ২০০তম গোলটি করেন গ্রিজমান। গোলের পর ‘গ্রিজি ২০০’ লেখা একটি বিশেষ জার্সি তুলে ধরেন দর্শকের উদ্দেশে। গোটা স্টেডিয়াম দাঁড়িয়ে করতালি দিয়ে সম্মান জানায় ক্লাব কিংবদন্তিকে। ডাগআউটে দেখা যায়নি কোচ সিমিওনেকে। লিভারপুলের বিপক্ষে আগের ম্যাচে ‘অখেলোয়াড়সুলভ আচরণের’ অভিযোগে এক ম্যাচের টাচলাইন নিষেধাজ্ঞা কাটাচ্ছিলেন তিনি। গ্যালারি থেকেই দেখেছেন শিষ্যদের দাপুটে পারফরম্যান্স।
ম্যাচের শুরুতেই গোলের দেখা পায় আতলেতিকো। মাত্র ৪ মিনিটের মাথায়
নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়ান ইতালিয়ান ফরোয়ার্ড জিয়াকোমো রাস্পাদোরি। ২১তম মিনিটে
ব্যবধান দ্বিগুণ হয়, এবার কর্নার থেকে জুলিয়ান আলভারেজের বল ডিফেন্ডার রবিন লে নরমঁ
দারুণভাবে জালে পাঠান। প্রথমার্ধের একেবারে শেষ মুহূর্তে আসে সবচেয়ে প্রতীক্ষিত মুহূর্তটি।
মাঝমাঠ থেকে আলভারেজের চোখধাঁধানো এক ড্রিবলিংয়ে রক্ষণ ভেদ করে বল বাড়ানোয় গোল করেন
গ্রিজমান।
দ্বিতীয়ার্ধে গ্রিজমান আরেকটি গোলের খুব কাছে গিয়েছিলেন, কিন্তু হাত বলের কারণে রেফারি সেটি বাতিল করেন। তবে এতে ছন্দপতন ঘটেনি। যদিও ৫৭ মিনিটে ফ্র্যাঙ্কফুর্টের হয়ে জনাথন বুরকার্ড একটি গোল শোধ করেন, যার শটটি আতলেতিকোর মার্কোস লরেন্তের গায়ে লেগে দিক পরিবর্তন করে জালে প্রবেশ করে। ৬৫তম মিনিটে আবারও গোল পায় আতলেতিকো। জুলিয়ানো সিমিওনে ফাঁকা পোস্টে বল ঠেলে দিয়ে ব্যবধান ৪-১ করেন। এরপর ম্যাচের শেষ দিকে, ৮০ মিনিটে পেনাল্টি পায় স্বাগতিকরা। অরেল আমেন্ডার হাতে বল লাগায় রেফারি স্পট কিকের নির্দেশ দেন, আর সেই সুযোগে আলভারেজ ‘পানেঙ্কা’ স্টাইলে চমৎকার এক গোল করে দলের পঞ্চম গোলটি নিশ্চিত করেন।