প্রবা প্রতিবেদন
প্রকাশ : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৮ পিএম
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩০ পিএম
আসন্ন এক মাস চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ এবং ঘরোয়া কাপ প্রতিযোগিতা মিলিয়ে ব্যস্ত সময় পার করতে যাচ্ছে আর্সেনাল। তবে এমন গুরুত্বপূর্ণ সময়ে দলে চোটের শঙ্কা বাড়িয়েছে ইংলিশ উইঙ্গার ননি মাদুয়েকের ইনজুরি। হাঁটুর চোটে কয়েক সপ্তাহের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি।
গত রবিবার ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচের প্রথমার্ধেই চোট পান
মাদুয়েকে। বিরতির পর তাকে আর মাঠে ফেরাননি আর্সেনাল কোচ মিকেল আর্তেতা। লিগ কাপ ম্যাচের
আগের সংবাদ সম্মেলনে মাদুয়েকের ইনজুরির বিষয়টি নিশ্চিত করেন কোচ।
আর্তেতা বলেন, ‘ম্যাচের শুরুতেই সে পায়ে অস্বস্তি অনুভব করেছিল। বিরতির
সময় ব্যথা অনেক বেড়ে গিয়েছিল। আপাতত মনে হচ্ছে তাকে কয়েক সপ্তাহ বিশ্রামে থাকতে হবে।
আগামী সপ্তাহে আবার স্ক্যান করানো হবে। ইনজুরি গুরুতর কিছু না হলেও সে মানসিকভাবে ভেঙে
পড়েছে। কারণ সে দারুণ ছন্দে ছিল। ধারাবাহিক পারফরম্যান্সে ক্রমেই ভয়ংকর হয়ে উঠছিল প্রতিপক্ষের
জন্য।’
তবে মাদুয়েকেকে মাঠে ফেরাতে কতটা সময় লাগবে, তা এখনও আনুষ্ঠানিকভাবে
জানায়নি আর্সেনাল। তবে ব্রিটিশ গণমাধ্যমগুলোর অনুমান, জুলাইয়ে চেলসি থেকে যোগ দেওয়া
এই তরুণ ইংলিশ তারকাকে অন্তত ৬ থেকে ৮ সপ্তাহ মাঠের বাইরে থাকতে হতে পারে।
এরই মধ্যে ইনজুরির কারণে দলে নেই ফরোয়ার্ড কাই হাভার্টজ ও অধিনায়ক
মার্টিন ওডেগার্ড। ফলে ব্যস্ত সূচির আগে একাধিক চোটগ্রস্ত খেলোয়াড়ের অনুপস্থিতি কোচ
আর্তেতার কপালে ভাঁজ ফেলেছে।