× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্রীড়াঙ্গনেও ইসরায়েলকে বয়কটের আহ্বান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:৪০ পিএম

ক্রীড়াঙ্গনেও ইসরায়েলকে বয়কটের আহ্বান

ফিলিস্তিনে ইসরায়েলি দখলদারিত্ব ও সামরিক আগ্রাসনের বিরুদ্ধে ধীরে ধীরে অবস্থান স্পষ্ট করছে বিভিন্ন দেশ। এই প্রতিবাদের ঢেউ এখন ছড়িয়ে পড়েছে ক্রীড়াঙ্গনেও। তারই অংশ হিসেবে গত ১৪ সেপ্টেম্বর স্পেনে প্রায় এক লাখ মানুষ সাইক্লিং মিছিলের মাধ্যমে ফিলিস্তিনের প্রতি সংহতি জানায়। ‘স্প্যানিশ ভুয়েল্টা’ নামের ওই সাইক্লিং ট্যুরের শেষ ধাপে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা।

এই ঘটনার প্রেক্ষিতে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ইসরায়েলকে আন্তর্জাতিক ক্রীড়ায় নিষিদ্ধের দাবি তোলেন। তার প্রশ্ন, ‘রাশিয়াকে যদি আগ্রাসনের কারণে বিভিন্ন প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করা যায়, তাহলে ইসরায়েলকে কেন নয়?’ তিনি আরও বলেন, ‘ইসরায়েল যতদিন গাজায় বর্বরতা চালাবে, ততদিন তাদের আন্তর্জাতিক খেলাধুলা থেকে বয়কট করার এখনই সময়।’

সানচেজের এই অবস্থানের পরদিনই ইউরোপের তিনটি দেশ থেকে ‘ইউরোভিশন সং কনটেস্টে’ ইসরায়েলিদের অংশগ্রহণ নিয়ে হুমকি আসে তাদের প্রত্যাহারের আল্টিমেটাম দেয় সংশ্লিষ্টরা। যদিও এখন পর্যন্ত অন্য কোনো বিশ্বনেতা খেলাধুলায় ইসরায়েলকে নিষিদ্ধ করার বিষয়ে সরাসরি অবস্থান নেননি।

এর আগে থেকেই হলিউডের অনেক নির্মাতা, অভিনেতা ও কলাকুশলী ইসরায়েলি প্রযোজনা প্রতিষ্ঠানগুলোর বয়কটের দাবি জানিয়ে আসছিলেন। একই ধরনের দাবির মুখে পড়েছে আন্তর্জাতিক ক্রীড়া সংস্থাগুলোও। তবে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি) এবং ফিফা এখনও ইসরায়েলকে নিষিদ্ধ করার বিষয়ে আগ্রহ দেখায়নি।

আইওসি বলছে, ‘রাশিয়া যেমন ইউক্রেনের কিছু এলাকা দখল করে অলিম্পিক বিধি ভঙ্গ করেছিল, ইসরায়েল তেমন কিছু করেনি।’ তবে সংস্থাটি এ ধরনের অবস্থানের পক্ষে সুস্পষ্ট ব্যাখ্যাও দিতে পারেনি। ফিফাও এখন পর্যন্ত এ নিয়ে কোনো মন্তব্য করেনি, যদিও ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন দাবি করেছেÑ ইসরায়েলি আগ্রাসনে অন্তত ৬৫০ জন ক্রীড়াবিদ নিহত হয়েছেন।

এদিকে ইউরোপা লিগে আগামী ৬ নভেম্বর অ্যাস্টন ভিলার বিপক্ষে ইসরায়েলি ক্লাব মাকাবি তেলআবিবের ম্যাচ নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে। এক ব্রিটিশ সংসদ সদস্য উয়েফাকে ম্যাচটি বাতিলের আহ্বান জানিয়েছেন জননিরাপত্তা ও সামাজিক সম্প্রীতির কথা বিবেচনায়।

তবে ইউরোপের একাধিক ক্রীড়া সংস্থা অভিযোগ করেছে, ইসরায়েলকে নিষিদ্ধ না করায় তারা বাধ্য হয়ে ম্যাচ খেলতে হচ্ছে। আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বে ইতালি ও নরওয়েÑ দুই দেশই ইসরায়েলের বিপক্ষে ম্যাচ খেলবে, যদিও দেশগুলোর ফুটবল ফেডারেশন এই সিদ্ধান্তে অসন্তোষ জানিয়েছে। বাস্কেটবল আয়ারল্যান্ডের প্রধান নির্বাহী জন ফিহান সম্প্রতি জানান, ইসরায়েলের মুখোমুখি হওয়া ‘কাম্য নয়’। তবে শাস্তির আশঙ্কায় দলটি ম্যাচ খেলতে বাধ্য হয়েছে।

গত মে মাসে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজি সমর্থকরা ‘গাজায় গণহত্যা বন্ধ করো’ স্লোগান লেখা ব্যানার প্রদর্শন করে। একইভাবে আগস্টে উদিনেতে অনুষ্ঠিত সুপার কাপ ম্যাচে ‘শিশু হত্যা বন্ধ করো, বেসামরিক হত্যা থামাও’ লেখা ব্যানার দেখানো হয়।

টেনিসেও প্রতিবাদের রেশ ছড়িয়েছে। সম্প্রতি কানাডায় ডেভিস কাপের একটি ম্যাচ অনুষ্ঠিত হয় দর্শকবিহীন কোর্টে, যেখানে প্রতিদ্বন্দ্বী ছিলেন একজন ইসরায়েলি খেলোয়াড়। এর আগে শতাধিক কানাডীয় ক্রীড়াবিদ ও একাডেমিশিয়ান ওই ম্যাচ বাতিলের জন্য টেনিস কানাডার প্রতি অনুরোধ জানিয়েছিলেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা