চ্যাম্পিয়ন্স লিগ
প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৭ পিএম
ম্যানচেস্টার সিটি চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুম শুরু করল জয় দিয়ে। নাপোলিকে হারিয়ে দাপুটে সূচনা করেছে বর্তমান ইউরোপ চ্যাম্পিয়নরা। ম্যাচটিতে গোল করেছেন আর্লিং হালান্ড। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে কম ম্যাচ খেলে দ্রুততম ৫০ গোলের কীর্তি গড়েছেন এই নরওয়েজিয়ান ফরোয়ার্ড।
মাত্র ৪৯ ম্যাচে ৫০ গোল পূর্ণ করেছেন হালান্ড, যা আগের রেকর্ডধারী
রুড ভ্যান নিস্টলরয়ের চেয়ে ১৩ ম্যাচ কম। ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক
তারকা নিস্টলরয়ের ৫০ গোল পূর্ণ করতে লেগেছিল ৬২ ম্যাচ।
এই কীর্তির পর সতীর্থ ফিল ফোডেনও প্রশংসা করেছেন হালান্ডের, ‘মনে
হচ্ছে, সে প্রতিটি রেকর্ডই ভেঙে দেবে। এই বয়সে যা করছে, তা সচরাচর দেখা যায় না।’ মাত্র
২৫ বছর বয়সি হালান্ড যদি এমন ধারায় খেলতে থাকেন, তাহলে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে সর্বোচ্চ
গোলদাতা ক্রিশ্চিয়ানো রোনালদোর ১৪১ গোল রেকর্ড ভাঙাও অস্বাভাবিক হবে না।
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাও হালান্ডকে নিয়ে উচ্ছ্বসিত,
‘সংখ্যাই সব বলে দেয়। যদি সে আরও ১০-১২ বছর খেলতে পারে, এবং উন্নতির এই ধারা ধরে রাখে,
অবশ্যই পারবে।’
২০২২ সালে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যানসিটিতে যোগ দেন হালান্ড। এরপর
থেকেই তিনি নিয়মিত গোল করে যাচ্ছেন। ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এখন পর্যন্ত ১৫১ ম্যাচে
১৩০ গোল করেছেন তিনি। চলতি মৌসুমেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন। এখন পর্যন্ত ৭ ম্যাচে
করেছেন ১২টি গোল। মলদোভার বিপক্ষে নরওয়ের ১১-১ ব্যবধানের জয়ে একাই করেন ৫ গোল।
চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপীয় লিগ মিলিয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায়
এখন তিনি শীর্ষ দশে। ইতোমধ্যে পেছনে ফেলেছেন আলফ্রেডো ডি স্টেফানো ও জ্লাতান ইব্রাহিমোভিচকে।
বর্তমানে হালান্ডের পাশে যৌথভাবে আছেন ফিলিপে ইনজাঘি (৫০ গোল), আর মাত্র এক গোলে এগিয়ে
আছেন থিয়েরি অঁরি (৫১ গোল)।
তবে দ্রুততম ৫০ গোল করলেও সবচেয়ে কম বয়সে এই কীর্তি গড়ার রেকর্ডটি
এখনও লিওনেল মেসির দখলে। বার্সেলোনার হয়ে তিনি ২৪ বছর ২৮৪ দিন বয়সে ৫০ গোল করেন। এ
ছাড়া চ্যাম্পিয়নস লিগে দ্রুততম ৬০ (৮০ ম্যাচ) ও ৭০ গোলের (৯০ ম্যাচ) রেকর্ডও মেসির
দখলে, যা হতে পারে হালান্ডের পরবর্তী লক্ষ্য।
এদিকে, ফ্রান্সের কিলিয়ান এমবাপে ৭৯ ম্যাচে ৫০ গোল করলেও তার বর্তমান
গোল সংখ্যা ৫৭। আর ১০০ ম্যাচে ৮০ গোল করে দ্রুততম ৮০ গোলের রেকর্ড গড়েছেন পোল্যান্ডের
রবার্ট লেভান্ডফস্কি। এখন পর্যন্ত তিনি ১০৫ গোল নিয়ে সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় তৃতীয়
স্থানে আছেন। শীর্ষে আছেন রোনালদো (১৪১) এবং দ্বিতীয় স্থানে লিওনেল মেসি (১২৯), যদিও
তারা কেউই বর্তমানে ইউরোপীয় ক্লাবে খেলছেন না।