প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৫ ১৬:১৩ পিএম
ছবি: সংগৃহীত
নেপাল থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বাংলাদেশ ফুটবল দলের খেলোয়াড় ও স্টাফরা। এছাড়া বাংলাদেশ-নেপাল ম্যাচ কাভার করতে যাওয়া গণমাধ্যমকর্মীরাও ফিরছেন একই ফ্লাইটে।
বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর তিনটার দিকে দ্রুত ও নিরাপদ প্রত্যাবর্তনে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইট তাদেরকে নিয়ে যাত্রা করে। এদিন সকালে নেপালের ত্রিভুবন এয়ারপোর্টে পৌঁছায় বাংলাদেশ ফুটবল দল।
সম্প্রতি ছাত্র-জনতার আন্দোলনে নেপালে সরকার পতন হয়। এজন্য মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুর থেকে গতকাল বিকেল পর্যন্ত দেশটিতে ফ্লাইট চলাচল বন্ধ ছিল। সন্ধ্যায় ফ্লাইট পুনরায় চালু হলে বাফুফে আজকের মধ্যে দলকে ফেরানোর ব্যবস্থা নেয়।
উল্লেখ্য, বাংলাদেশ ফুটবল দল দুই ম্যাচ খেলতে কাঠমান্ডু গিয়েছিল। ৮ সেপ্টেম্বর আন্দোলন শুরু হওয়ায় ৯ সেপ্টেম্বর খেলা হয়নি। এজন্য বাংলাদেশ ৯ সেপ্টেম্বরই দেশে ফেরার চেষ্টা করে। বিমানবন্দর বন্ধ থাকায় ফ্লাইট বাতিল হয়ে যায়। ফলে গত দুই দিন হোটেলে বন্দী অবস্থায় ছিলেন জামালরা।