প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৫ ২০:৫৯ পিএম
টি-টোয়েন্টি ক্রিকেটে সবচেয়ে দীর্ঘ সময় ধরে খেলার রেকর্ডটি এতদিন ছিল বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসানের দখলে। এবার সেই রেকর্ড ভাঙলেন জিম্বাবুয়ের অভিজ্ঞ ক্রিকেটার শন উইলিয়ামস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সাকিবকে ছাড়িয়ে সবচেয়ে দীর্ঘ ক্যারিয়ারের মালিক এখন এই বাঁ-হাতি অলরাউন্ডার।
২০০৬ সালের ২৮ নভেম্বর খুলনায় বাংলাদেশের বিপক্ষে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে
অভিষেক হয়েছিল শন উইলিয়ামসের। প্রায় ১৮ বছর আগে শুরু হওয়া সেই পথচলা আবারও জীবন্ত হলো
তার কামব্যাকের মাধ্যমে। দীর্ঘদিন পর আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ফেরেনÑ ৩ সেপ্টেম্বর,
শ্রীলঙ্কার বিপক্ষে হারারেতে অনুষ্ঠিত সিরিজের প্রথম ম্যাচে। অবসর ভেঙে জাতীয় দলে ফিরে
মাঠে নামার সঙ্গেই গড়েছেন নতুন ইতিহাস।
টি-টোয়েন্টিতে তার ক্যারিয়ার এখন দাঁড়িয়েছে ১৮ বছর ২৭৯ দিন।
এতদিন শীর্ষে থাকা সাকিব আল হাসানের ক্যারিয়ারের দৈর্ঘ্য ১৭ বছর ২০৯ দিন। এতে
তালিকায় এখন দ্বিতীয় স্থানে নেমে গেলেন বাংলাদেশের এই বিশ্বসেরা অলরাউন্ডার।