খুলনা অফিস
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৩২ পিএম
আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৫ ২২:৪১ পিএম
বিসিবির সাবেক সভাপতি মোহাম্মদ আলি আসগর লবি ও সাবেক অধিনায়ক তামিম ইকবাল।
আগামী অক্টোবরের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন ঘিরে ক্রিকেটাঙ্গনে বাড়ছে কৌতূহল। কে বসবেন দেশের ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থার সর্বোচ্চ পদেÑ এই প্রশ্নে চলছে নানা আলোচনা। এ দৌঁড়ে নাম লেখিয়েছেন সাবেক অধিনায়ক তামিম ইকবাল ও বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। ফলে নির্বাচনী লড়াইয়ে দুই প্রজন্মের প্রতিনিধি মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
এই প্রেক্ষাপটে সাবেক সভাপতি ও খুলনা-২ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলী আসগর লবী স্পষ্ট জানালেন, তিনি তামিম ইকবালকে সভাপতি হিসেবে দেখতে চান। বুধবার (৩ সেপ্টেম্বর) খুলনা প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, আমাদের প্যানেল থেকে তামিমই প্রার্থী হবে। আমার ওপর চাপ ছিল লড়াইয়ে নামার জন্য, কিন্তু আমি রাজি হইনি। তামিম যোগ্য, মেধাবী ও সৎ একজন ক্রিকেটার। বোর্ডের দায়িত্ব সামলানোর সামর্থ্য তার রয়েছে।
লবী অভিযোগ করেন, রাজনীতি বিসিবির ভেতরে ঢুকে পড়েছে। তিনি বলেন, আজ দেখলাম বুলবুলও সভাপতি হতে চান। রাজনীতি এলে ক্রিকেটের ক্ষতি হবে। আমি দায়িত্ব পালনকালে প্রথমেই বলেছিলাম, বিসিবিতে রাজনীতি চলবে না। আমরা সবাই মিলে ক্রিকেটের জন্য কাজ করব।
সাবেক এই সভাপতি বিশ্বাস করেন, সঠিক সহায়তা পেলে তামিম সফলভাবে বোর্ড চালাতে পারবেন। আমি যেমন বোর্ডে কাজ করতে পেরেছি, তেমনি তামিমকেও কাজ করাতে পারব, যোগ করেন তিনি।
খুলনা প্রেস ক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের আহবায়ক এনামুল হক এবং সঞ্চালনা করেন সদস্যসচিব রফিউল ইসলাম টুটুল। ক্লাবের নির্বাহী পরিষদের সদস্যসহ স্থানীয় সাংবাদিকরা সভায় উপস্থিত ছিলেন।